ভাইরাল খবর
বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকে চাইবেন আরও ক্ষমতা, না পেলে ইস্তফার সম্ভাবনা
ডিজিটাল ডেস্কঃ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। যদিও বোর্ডের পক্ষ থেকে বিষয়টিকে “বিশ্রাম” বলে ব্যাখ্যা করা হয়েছিল, তবে ঘনিষ্ঠ মহলের দাবি—রিজওয়ান নিজেকে সরিয়ে দেওয়া নয়, বরং দল থেকে বাদ পড়েছেন বলেই মনে করছেন। আর তার জেরেই এবার অধিনায়কত্ব থেকে ইস্তফার কথাও চিন্তা করছেন তিনি।
জানা গিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) অন্তর্বর্তী সভাপতি মোহসিন নকভির সঙ্গে দেখা করবেন রিজওয়ান এবং বাবর আজম। সেখানেই রিজওয়ান জানাতে পারেন তাঁর অসন্তোষ। শুধু বাদ পড়া নয়, নিউজ়িল্যান্ড সিরিজের দল গঠনের সময় তাঁকে কোনও পরামর্শ না নেওয়াতেই তিনি সবচেয়ে বেশি ক্ষুব্ধ। ‘টেলিকম এশিয়া স্পোর্ট’-এর কাছে রিজওয়ানের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, “ও দ্রুত বোর্ড সভাপতির সঙ্গে দেখা করতে চায়। জানতে চায়, কী কারণে ওকে বাদ দেওয়া হয়েছিল। পাশাপাশি অধিনায়ক হিসাবে ম্যাচের একাদশ নির্বাচনের ক্ষেত্রে আরও ক্ষমতা চাইছে।”
আরও পড়ুনঃভাইরাল হওয়ার নেশায় বেআইনি কাণ্ড! দিল্লি মেট্রোয় অভিনয় করে ফেঁসে গেলেন যুবক
সেই সূত্র আরও জানায়, নিউজ়িল্যান্ড সিরিজের আগে কোচ আকিব জাভেদের সঙ্গে একাধিকবার রিজওয়ানের মতানৈক্য হয়েছে। কোচ ও নির্বাচকদের চাপেই নাকি রিজওয়ানকে সিরিজ থেকে বাদ দেওয়া হয়। আর এবার রিজওয়ান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, “যদি অধিনায়ক হিসাবে সম্মান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না দেওয়া হয়, তা হলে তিনি নেতৃত্ব ছাড়তে পারেন।” পাকিস্তান ক্রিকেটে এই মুহূর্তে কোচ বদলের হাওয়া বইছে। আকিব জাভেদের পরিবর্তে বিদেশি কোচ নিয়ে আসতে আগ্রহী বোর্ড। ইতিমধ্যেই কয়েকজন আন্তর্জাতিক কোচের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তান সুপার লিগ শেষ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক কোনও সিরিজ নেই, ফলে নতুন কোচ নিয়োগের জন্য বোর্ডের হাতে এখনও কিছু সময় রয়েছে।
রিজওয়ানের এই ক্ষোভ এবং হুঁশিয়ারি পাকিস্তান ক্রিকেটের অভ্যন্তরীণ দ্বন্দ্বকেই আরও একবার সামনে এনে দিল। এখন দেখার, বোর্ড তাঁর দাবি মেনে তাকে সন্তুষ্ট করতে পারে কিনা।
