Uncategorized
পরিশুদ্ধ পানীয় জল প্রকল্প বিকল! দুর্ভোগে সাধারণ মানুষ
নিউজ ডেস্ক: গ্রামে অবস্থিত সৌর চালিত পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পটি বিকল হয়ে পড়ে রয়েছে ছয়মাস ধরে। যার জেরে চরম দুর্ভোগে গ্রামের সাধারণ মানুষজন। প্রকল্পটিকে সচল করার জন্য বহুবার দাবি জানালেও কোনো কাজ হয়নি। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহিপুর গ্রামের ঘটনা এটি। যদিও সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন।
বলা হয় “জলের অপর নাম জীবন।” আর এই প্রবাদ বাক্য এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন গ্রামের মানুষজন। দীর্ঘদিন ধরে গ্রামে থাকা একমাত্র পানীয় জল প্রকল্প বিকল হয়ে পড়ে রয়েছে। যার জেরে গরমের শুরুতেই গ্রামের মানুষজন জল কষ্টে ভুগতে শুরু করেছেন।
উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহিপুর গ্রাম থেকে উঠে এল এমনই ছবি। জানা যায়, প্রায় দেড় বছর আগে এই এলাকায় সরকারিভাবে সৌর বিদ্যুৎ চালিত বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের ঘটা করে উদ্বোধন হয়েছিল।
প্রথমদিকে ভালোভাবেই চলছিল। সাধারণ মানুষ বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা পেয়ে খুশি ছিলেন। কিন্তু ৬ মাস যেতে না যেতেই বিকল হয়ে পড়ল এই প্রকল্পটি। যার জেরে বন্ধ হয়ে যায় জল পরিষেবা। সাধারণতঃ চৈত্র মাসের দিকে এই গ্রামে বাড়ির টিউবয়েল থেকে জল ওঠে না।
আরও পড়ুন –
সামান্য জল উঠলেও তা একেবারে অপরিশুদ্ধ। এলাকায় কোথাও কোন গভীর নলকূপও নেই। ফলে এই পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পটিই ছিল গ্রামের মানুষের ভরসা। এখান থেকে মহিপুর গ্রামের মানুষজন পাশাপাশি হাটের ব্যবসায়ী এবং পাশের একটি স্কুলের শিশুরাও জল পান করতেন। অবিলম্বে যাতে এই পানীয় জল প্রকল্পটি সচল করা যায় তার দাবি জানিয়েছেন প্রত্যেকেই।
চন্ডীদাস বিশ্বাস নামের এক গ্রামবাসী বলেন, বর্তমানে এই পানীয় জলের প্রকল্পটি বেহাল। দীর্ঘদিন থেকে এই পরিস্থিতিতে পড়ে রয়েছে। মেরামত করার জন্য বহুবার দাবি জানিয়েও কোন কাজ হয়নি।মকবুল হোসেন নামের অপর এক গ্রামবাসী বলেন সৌর বিদ্যুৎ পরিচালিত এই পানীয় জল প্রকল্পটি ৬ মাস ধরে বিকল। গ্রামের মানুষ খুব সমস্যায় রয়েছেন। মহিপুর হাটে আসা ক্রেতা বিক্রেতারাও দুর্ভোগে পড়েছেন।
মেহেরবানু খাতুন নামের অপর এক গ্রামবাসী বলেন, প্রায় ছয় মাস ধরে এখান থেকে জল মিলছে না। বর্তমানে গরমে জল কষ্টে নাজেহাল অবস্থা। বাড়ির টিউবয়েল থেকে ঘোলা জল বের হচ্ছে। বর্তমানে পানীয় জল আনতে দূর দূরান্তে ছুটতে হচ্ছে তাদের।
স্থানীয় বাসিন্দা অশ্বিনী বালা বলেন, এখন তারা জলের সমস্যায় জর্জরিত। পরিশুদ্ধ পানীয় জলের একমাত্র ভরসা ছিল এই প্রকল্প। তাও বিকল। কতদিনে ঠিক হবে তা জানা নেই।যদিও এ বিষয়ে হেমতাবাদ ব্লক প্রশাসনের তরকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে অতি দ্রুত সমস্যার সমাধান করা হবে।
আরও পড়ুন –
