রায়গঞ্জ
পৌরসভার পাইপ লাইনে জল ছাড়তেই অঘটন! সমস্যায় সাধারণ মানুষ
নিউজ ডেস্ক: রায়গঞ্জ পৌরসভার পাইপ লাইনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে জল ছাড়তেই বিপত্তি। পৌরসভার ছয় ও সাত নম্বর ওয়ার্ডের একাধিক জায়গায় পাইপে ছিদ্র থাকায় বিস্তীর্ণ এলাকা হয়ে পড়েছে জলমগ্ন।
সাধারণ মানুষের বাড়ি বাড়ি এবং দোকানগুলিতেও জল ঢুকে পড়েছে। শনিবার সকাল থেকেই ঘটনার জেরে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। যদিও দ্রুততার সাথে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস।
রায়গঞ্জ পৌরসভার পরিচালনায় শহর জুড়ে পাইপলাইন সংযোগের কাজ প্রায় শেষ। পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলেন শহরের মানুষজন। শুক্রবার থেকে জল সরবরাহের কাজ শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে।
পাইপ বিশুদ্ধকরনের জন্য জল ছাড়া হয়েছে। আর পাইপ লাইনের মাধ্যমে ছাড়া জলে বিপাকে পড়লেন রায়গঞ্জ শহরের দুটি ওয়ার্ডের মানুষজন। ছয় এবং সাত নম্বর ওয়ার্ডের বিস্তীর্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে শনিবার সকাল থেকে। এই এলাকার বেশ কিছু অংশে পাইপলাইনের পাইপে ছিদ্র থাকায় তা দিয়ে অনর্গল বেড়িয়ে আসছে জল।
সেই জল ঢুকে পড়ছে মানুষের বাড়ি ঘরে এবং দোকান পাটে। শনিবার সকালে আচমকা এমন ঘটনার সম্মুখীন হয়ে সমস্যায় পড়ে যান সাধারন মানুষ। জল ঢুকে পড়ে রান্না ঘর, শোবার ঘরেও। রাস্তা ঘাটের উপরেও জল জমে যায়।
শান্তি পাশোয়ান নামের এক মহিলা বলেন, সকাল থেকেই হঠাৎ জলে পরিপূর্ণ হয়ে যায় ঘর বাড়ি। এর জেরে চরম সমস্যায় পড়তে হয়েছে। পাইপ লাইনে জল ছাড়ার কারনে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্যার দ্রুত সমাধানের দাবী জানিয়েছেন তিনি।
আরও পড়ুন – ফের রাজ্যে আক্রান্ত পুলিশ! ঘটনাস্থল ভাঙড়, আটক ২
সুজিত তুরি নামের অপর এক ব্যক্তি বলেন, পাইপ লাইনের পরীক্ষার জন্য জল ছাড়া হয়েছে। সেখানে পাইপ ফুটো থাকায় তা দিয়ে জল বেরিয়ে এসে তার দোকানে ঢুকে পড়েছে। এলাকায় সুষ্ঠ নিকাশি ব্যবস্থা না থাকায় জল বের হতে পারছে না।
এ বিষয়ে রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, যে সমস্ত জায়গা থেকে অভিযোগ আসছে পৌরসভার ইঞ্জিনিয়ার এবং ঠিকাদাররা দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, রায়গঞ্জবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তার জন্য শহরবাসীকে ধন্যবাদ। তবে এদিন যে দুটি ওয়ার্ডে সমস্যা হয়েছে সেখানে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে পৌরসভাকে না জানিয়ে বিদ্যুতের খুঁটিত বসাতে গিয়ে পাইপ লাইনের পাইপ ভেঙে দিয়েছিল বলে অভিযোগ তার।
এর জন্য বিদ্যুৎ দফতরকে চিঠি দিবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় গ্যাসের পাইপ বসাতে গিয়ে পৌরসভার পানীয় জলের পাইপ ভেঙে ফেলেছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট পেট্রোলিয়াম সংস্থাকেও চিঠি পাঠাবে রায়গঞ্জ পৌরসভা।
আরও পড়ুন – “রান ফর রায়গঞ্জ ” নিয়ে বিধায়ককে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর
