জেলার খবর
তোলা না পেয়ে লরিচালককে মার! ক্লোজ ৩ সিভিক ভলান্টিয়ার
নিউজ ডেস্ক- সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি। দাবিমত তোলা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভেতর ঢুকিয়ে বেধড়ক মারধর। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরে। উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গী এলাকায় আসছিলো চালক রুহুল আলি ও তার দুই সহযোগী।
সেসময় হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান তিন সিভিক ভলেন্টিয়ার। তাঁর কাছে ১০০০ টাকা দাবি করা হয়। ৫০০ টাকা দিতে রাজি হয়ে ছিলেন ওই লরিচালক। এতেই ক্ষেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভিতর নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রয়েছে মারধোরের ভিডিও। ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ।
আরও পড়ুন-দু’মিনিট সময় লাগে! যাদবপুর কান্ড নিয়ে মুখ খুললেন রাজ চক্রবর্তী
যদিও সেখানে কোন পুলিশ আধিকারিক ছিলেন না। তবে পুলিশ আধিকারিকের কথামত তারা টাকা তুলছিলো বলে ওই লরিচালক সহযোগীকে সিভিক ভলান্টিয়ারেরা জানিয়েছে বলে দাবি প্রহৃতদের।প্রতিনিয়ত সেখানে তাদের কাছ থেকে টাকা তোলা হয় বলে দাবি আক্রান্তদের। এই ঘটনায় ঐ তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে আক্রান্ত লরিচালকের তরফে। যদিও এঘটনায় পুলিশের কোন বক্তব্য পাওয়া যায় নি।
অন্যদিকে এদিন ক্লোজ করা হল তিন সিভিক ভলান্টিয়ারকে। লরিচালককে মারধোরের ঘটনা জানাজানি হতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। সিসিটিভি ফুটেজ সহ সবদিক খতিয়ে দেখে পুলিশ। উল্লেখ্য টাকা দাবী করে লরিচালককে মারধোরের অভিযোগ ওঠে হরিশ্চন্দ্রপুর থানায় কর্মরত শাহজামাল, আশামুল হক ও আসাদ আলি নামে তিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। আক্রান্ত চালকের অভিযোগ খতিয়ে দেখে এদিন ক্লোজ করা হয় ওই তিনজনকে। অন্যদিকে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ এনেছে স্থানীয় চালকেরা।এনিয়ে এদিন তারা থানায় অভিযোগও জানায়।
আরও পড়ুন-পুলিশের নাকের ডগায় অবাধে বালি পাচার! চাঞ্চল্য কোচবিহারে
