জেলার খবর
কুসংস্কারের জেরে গ্রামে ব্যাপক গণ্ডগোল, অভিযোগ তুলে সরব গ্রামবাসীরা
গ্রামে এক ব্যক্তির ঝাড়ফুঁক ও কেরামতিতে ক্ষতি হচ্ছে মানুষের৷ এই অভিযোগ তুলে সরব হল কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধিন উত্তর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দারা ৷ তাদের অভিযোগ, বেশকিছুদিন ধরেই গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়ছে৷ এরপর মাস দু’য়েক পর এক মহিলাও মারা যায়। এই ঘটনায় নড়েচড়ে বসে গ্রামের মানুষজন। তারা রায়গঞ্জের এক মাহাতের কাছে গেলে তিনি তাদের জানান গ্রামের মনোরঞ্জন বর্মণ নামে এক ব্যক্তি দ্বারাই এই ধরণের ঘটনা ঘটছে।
ঘটনা জানাজানি হতেই গ্রামের মানুষদের ক্ষোভ বাড়তে থাকে।শনিবার রাতে গ্রামের মানুষজন চড়াই হয় মনোরঞ্জন বর্মন নামে ওই ব্যক্তির বাড়িতে। মনোরঞ্জ বর্মণের পরিবারের সাথে গন্ডোগোল বাধে গ্রামবাসীদের৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। যত রাত বাড়ে ততই উত্তেজনা বাড়তে থাকে। উত্তেজনার ফলে এই ঘটনায় দিলীপ বসাক ও প্রতিবালা বর্মণ আহত হয়। তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় রাতেই |
তবে দিলীপ বসাককে পরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জিও। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয় পুলিশ পিকেট।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই মনোরঞ্জন বর্মণ সহ তার পরিবারের লোকদের পুলিশ রাতেই উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ এদিকে গ্রামের লোকেদের মধ্যে গেঁথে বসা কুসংস্কার দূর করতে রবিবার সকালে বৈঠকের আয়োজন করে প্রশাসন৷ উপস্থিত ছিলেন আইসি দেবব্রত মুখার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি হীরন্ময় সরকার,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সহ অন্যান্যরা৷
