উত্তর দিনাজপুর
করোনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সহায়তা কেন্দ্র খোলা হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে
নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ১১ মে : করোনা সংক্রমণে সাধারণ মানুষকে সচেতন করতে ও করোনা সংক্রান্ত নানান তথ্য জানাতে করোনা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হল ইটাহারে।
মঙ্গলবার ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইন ও সিনির উদ্যোগে এবং ইটাহার ব্লক প্রশাসনের সহযোগিতায় এই করোনা সহায়তা কেন্দ্র খোলা হয়। এদিন সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন ইটাহার ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবুল আলা মাবুদ আনসার। মূলত, এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে বিডিও অফিসে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষকে করোনা সংক্রান্ত নানান তথ্য প্রদান সহ সচেতন করা হবে। পাশাপাশি বিডিও অফিসে কাজে আসা মাস্ক বিহীন মানুষদের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হবে। এছাড়া প্রশাসনের তরফে প্রচারের গাড়ি ইটাহার ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় মাইকিং করে করোনার সচেতনতা মূলক প্রচার চালানোর পাশাপাশি ব্লকের কোথায় কবে করোনা টেস্ট হবে তাও এই সহায়তা কেন্দ্র থেকে জানা যাবে।এদিনের কর্মসূচিতে জয়েন্ট বিডিও মহম্মদ জাহিরুল ইসলাম, জয়ন্ত রায়, সিনি ইউনিট কো-অরডিনেটর সুশোভন দাস, ইটাহার থানার পুলিশ অফিসার পিনাকী সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
