অপারেশন সিঁদুর
পহেলগাঁও হামলায় নিহত নৌ অফিসার বিনয়ের স্ত্রী এবার বিগ বস প্রতিযোগী
ডিজিটাল ডেস্কঃ আগামী ২৪ আগস্ট থেকে শুরু হতে চলেছে জনপ্রিয় রিয়েলিটি শো Bigg Boss সিজন ১৯। প্রতিবারের মতো এবারও দর্শকদের জন্য থাকছে নানা চমক ও নতুন মোড়। ইতিমধ্যেই শো’য়ের সম্ভাব্য প্রতিযোগীদের তালিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। এবার সামনে এসেছে আরও এক বিশেষ খবর—শোনা যাচ্ছে, পহেলগাঁও হামলায় শহিদ ভারতীয় নৌবাহিনীর অফিসার বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশী নরওয়াল (Himanshi Norwal) নাকি এবারের Bigg Boss হাউসে প্রবেশ করতে পারেন।
চলতি বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান বিনয় নরওয়াল। মাত্র কয়েকদিন আগে, ১৬ এপ্রিল, সাতপাকে বাঁধা পড়েছিলেন বিনয় ও হিমাংশী। বিয়ের পর তাঁরা মধুচন্দ্রিমায় (Honeymoon) যান বৈসরনে, সেখানেই ঘটে মর্মান্তিক সন্ত্রাসী হামলা, যাতে শহিদ হন বিনয়। এই শো’য়ে যদি সত্যিই হিমাংশী অংশগ্রহণ করেন, তবে তাঁর জীবনের এই সংগ্রামী অধ্যায় এবং ব্যক্তিগত অভিজ্ঞতা দর্শকদের সামনে আসবে।
আরও পড়ুনঃ পুজোর মরশুমে ভারতীয় রেলের স্পেশাল অফার: যাওয়া-ফেরা টিকিটে ২০% ছাড়
শোনা যাচ্ছে, Bigg Boss নির্মাতারা হিমাংশীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন। কারণ, তাঁর ব্যক্তিগত জীবনের পরিবর্তন, স্বামীর শহিদ হওয়ার পর সংগ্রাম এবং এগিয়ে চলার গল্প দর্শকের মনে বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করছেন প্রযোজকরা। জানা গেছে, তিনি Bigg Boss OTT 2-এর বিজয়ী এলভিশ যাদবের বন্ধু। যদিও নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে তাঁর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি।
দর্শকমহলের একাংশ মনে করছেন, হিমাংশীর উপস্থিতি এই সিজনে এক আবেগঘন মাত্রা যোগ করবে। পাশাপাশি, বিনয় নরওয়ালকে নিয়ে অনেক অজানা তথ্যও প্রকাশ পেতে পারে তাঁর মাধ্যমে। এখন দেখার বিষয়, ২৪ আগস্টের উদ্বোধনী পর্বে তিনি সত্যিই Bigg Boss 19-এর ঘরে প্রবেশ করেন কি না।
