দেশের খবর
‘অনুমতি দিয়েও কেন গুলি চালাচ্ছেন?’ হরমুজ প্রণালীতে ভারতীয় নৌসেনার করুণ আর্তি, প্রকাশ্যে অডিও
ডিজিটাল ডেস্কঃ পারস্য উপসাগরের (Persian Gulf) কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে অতর্কিতে গুলিবর্ষণ করল ইরানের রেভোলিউশনারি গার্ড (IRGC)। এই চাঞ্চল্যকর ঘটনার একটি রুদ্ধশ্বাস অডিও রেকর্ডিং (Audio recording) প্রকাশ্যে এসেছে, যেখানে জাহাজটির ক্যাপ্টেনকে ইরানি নৌবাহিনীর কাছে প্রাণভিক্ষা করতে শোনা যাচ্ছে।
অডিওতে ভারতীয় ট্যাঙ্কার ‘সানমার হেরাল্ড’ (Sanmar Herald)-এর ক্যাপ্টেনকে অত্যন্ত আতঙ্কিত স্বরে বলতে শোনা যায়: “সেপাহ নেভি! সেপাহ নেভি! আমি মোটর ট্যাঙ্কার সানমার হেরাল্ড বলছি। আপনারা আমাদের যাওয়ার অনুমতি দিয়েছিলেন! তালিকার দ্বিতীয় নম্বরে আমাদের নাম ছিল! কিন্তু এখন আপনারা গুলি চালাচ্ছেন! আমাদের ফিরে যেতে দিন!” জানা গেছে, ইরাক থেকে প্রায় ২০ লক্ষ ব্যারেল তেল নিয়ে ফেরার পথে ‘জাগ অর্ণব’ এবং ‘সানমার হেরাল্ড’—উভয় জাহাজই ইরানের দুটি গানবোটের (Gunboats) হামলার মুখে পড়ে।
NEW: Audio from the Indian oil tanker fired on by Iranian Navy in the Strait of Hormuz
“You gave me clearance to go. My name is second on your list. You are firing now. Let me turn back!” pic.twitter.com/C3nouIPzOJ
— Insider Paper (@TheInsiderPaper) April 18, 2026
হামলার জেরে ‘জাগ অর্ণব’ জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ঘটনার পরেই ইরানের পক্ষ থেকে ভিএইচএফ (VHF) ব্রডকাস্টের মাধ্যমে ঘোষণা করা হয় যে, আমেরিকা আলোচনার প্রতিশ্রুতি রক্ষা না করায় হরমুজ প্রণালী সমস্ত দেশের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
এই নজিরবিহীন ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রক (MEA) ইতিমধ্যেই ইরানি রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদলিপি (Formal protest) জমা দিয়েছে। যদিও ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ড. আব্দুল মজিদ হাকিম ইলাহি এই ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন, তবুও ‘বন্ধু’ ভারতের জাহাজে কেন এই হামলা, তা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে ভারতীয় নাবিকরা নিরাপদ থাকলেও পারস্য উপসাগরের এই পরিস্থিতি ভারতের সামুদ্রিক বাণিজ্যের (Maritime trade) ওপর কালো মেঘ ঘনিয়ে এনেছে।
