কলকাতা
কলকাতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা, বাংলাদেশি তকমা দিয়ে মারধরের অভিযোগ হিন্দিভাষী ব্যবসায়ীদের বিরুদ্ধে
ডিজিটাল ডেস্কঃ কলকাতার বুকে ফের এক অস্বস্তিকর ঘটনা। শিয়ালদহ রেল ব্রিজ চত্বরে হিন্দিভাষী ব্যবসায়ীদের হাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) চার ছাত্র আক্রান্ত হওয়ার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়াল বুধবার রাতেই। অভিযোগ, তাঁদের বাংলাদেশি বলে কটুক্তি করা হয় এবং মারধর করা হয়। ঘটনায় গুরুতর জখম হন চারজন পড়ুয়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারমাইকেল হস্টেলের এক ছাত্র ওই রাতে শিয়ালদহ ব্রিজের নিচে একটি মোবাইল আনুষঙ্গিক পণ্যের দোকানে গিয়েছিলেন। দাম নিয়ে দোকানির সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে সহপাঠীদের সঙ্গে আবারও ওই দোকানে ফেরেন তিনি। সেখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, দোকানদার ও স্থানীয় কিছু হিন্দিভাষী ব্যবসায়ী তাঁদের বাংলাদেশি আখ্যা দিয়ে বেধড়ক প্রহার করেন। মুহূর্তে এলাকায় ভয়ঙ্কর অশান্তি ছড়িয়ে পড়ে।
আক্রান্ত ছাত্রদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। রাতেই তাঁরা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক কালে ভিনরাজ্যে বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি বলে অপমান বা হামলার একাধিক ঘটনা সামনে এসেছে। শ্রমিকদের লক্ষ্য করে নানা রাজ্যে এমন অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষাপটে খাস কলকাতার বুকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে এমন ঘটনা ঘটে যাওয়া স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন তুলে দিচ্ছে প্রশাসনের ভূমিকা ও সামাজিক সহাবস্থানের ভবিষ্যৎ নিয়ে।
এই ঘটনার পর ছাত্রমহলে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের বক্তব্য, “বাংলা ভাষা বললেই বাংলাদেশি বলা হবে—এটা একেবারেই মেনে নেওয়া যায় না।” শহরের শিক্ষামহলেও এ ঘটনার তীব্র সমালোচনা হচ্ছে।


