টলিপাড়ায় তীব্র ক্ষোভের জের! অভিনেতা রাহুলের মৃত্যুরহস্যের তদন্তে এবার পিএমও
Connect with us

বিনোদন

টলিপাড়ায় তীব্র ক্ষোভের জের! অভিনেতা রাহুলের মৃত্যুরহস্যের তদন্তে এবার পিএমও

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ওড়িশায় (Odisha) একটি আউটডোর (Outdoor) শুটিং চলাকালীন টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় নতুন মোড় এল। ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে প্রধানমন্ত্রীর দফতর (PMO) সরাসরি হস্তক্ষেপ করেছে বলে জানা গিয়েছে। অভিনেতার মৃত্যু নিছক দুর্ঘটনা ছিল, নাকি এর নেপথ্যে ছিল শুটিং সেটের নিরাপত্তা সংক্রান্ত গুরুতর গাফিলতি, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ওড়িশা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Advertisement
ads

সূত্রের খবর, বালেশ্বরে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, সেটে শিল্পী ও কলাকুশলীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা (Safety Measures) নিশ্চিত করা হয়নি। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই কাজ করানোর ফলেই এই প্রাণহানি ঘটেছে বলে দাবি করা হচ্ছে। ঘটনার পর সর্বভারতীয় চলচ্চিত্র কর্মী সংগঠন (AICWA) বিষয়টি নিয়ে সরব হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত প্রধানমন্ত্রীর দফতরে একটি বিস্তারিত অভিযোগপত্র জমা দেন। সরকারি অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে পাঠানো সেই আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করে PMO ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর এবং রাজ্যের মুখ্যসচিবের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ পাঠিয়েছে।

এরপর বালেশ্বর জেলার পুলিশ সুপারের কাছে বিষয়টি পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিশেষ অনুসন্ধানকারী দল (SIT) গঠনের দাবিও উঠেছে। অভিযোগপত্রে জনপ্রিয় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স, প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং শুটিংয়ের সঙ্গে যুক্ত অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। সংগঠনের অভিযোগ, নিরাপত্তা বিধি (Safety Protocol) অমান্য করার কারণেই রাহুলের মৃত্যু হয়েছে। তাই দায়ীদের বিরুদ্ধে কঠোর ফৌজদারি ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে খুন-সহ প্রযোজ্য ধারায় মামলা রুজুর দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে ব্ল্যাকলিস্ট (Blacklist) করার আবেদনও করা হয়েছে।

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর ফের শুটিং সেটে শিল্পী, প্রযুক্তিকর্মী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন SIT তদন্তে কী তথ্য উঠে আসে এবং প্রশাসন কী পদক্ষেপ করে, সেদিকেই নজর রয়েছে গোটা চলচ্চিত্র মহলের।

Advertisement
ads
Continue Reading
Advertisement