মালদা
রাতের অন্ধকারে নির্বাচনী ব্যানার এবং পতাকা খুলে ফেলার অভিযোগকে কেন্দ্র করে তরজায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি
নিজস্ব সংবাদ্দাতা, মানিকচক, ১ এপ্রিল : রাতের অন্ধকারে তৃণমূলের নির্বাচনী ব্যানার এবং পতাকা খুলে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় বৃহস্পতিবার মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল নেতৃত্ব। মানিকচকের জালালপুর এলাকায় তৃণমূলের নির্বাচনী ব্যানার খুলে ফেলা হয়।
যদিও বিজেপির ২৪ নম্বর মন্ডলের সভাপতি বিশ্বজিৎ মন্ডল জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই রাতের অন্ধকারে এই কাজ করেছে। তৃণমূল কংগ্রেসের নেতা শেখ মন্টু আলি জানিয়েছেন, মানিকচক হাই স্কুল মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় রয়েছে। মানিকচক বিধানসভার এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছিল এখানে। সেই কর্মীসভার আগেই হাই স্কুল মোড় সহ বিভিন্ন এলাকায় ব্যানার এবং পতাকা লাগিয়েছিলেন দলীয় কর্মীরা। মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিত্রী মিত্রের নমিনেশনকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকরা মালদায় গিয়েছিল। পরবর্তীতে সকলে মালদা থেকে ফিরে এসে সেই সমস্ত ব্যানার এবং পতাকা দেখতে পান। বৃহস্পতিবার সকালে সমস্ত ব্যানার এবং পতাকা দেখতে পাননি কর্মী-সমর্থকেরা। রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এ কাজ করেছে। এ বিষয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অবিলম্বে এঘটনায় জড়িত দুষ্কৃতীদের দাবিও জানিয়েছেন তিনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে মানিকচক বিধানসভার বিজেপির ২৪ নম্বর মন্ডলের সভাপতি বিশ্বজিৎ মন্ডল জানিয়েছেন, এই ধরনের কাজের সঙ্গে বিজেপি কর্মীরা কখনই যুক্ত নন। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই রাতের অন্ধকারে এই কাজ করেছে।
