দক্ষিণ দিনাজপুর
করোনা ভ্যাকসিন নিয়ে আতঙ্কর কিছু নেই, কর্মসূচি শুরু করে বললেন বালুরঘাটের জেলা শাসক
নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ১৬ জানুয়ারী : শনিবার সারা দেশের সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলায় সকাল সাড়ে দশটা থেকে শুরু হলো করোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া৷ স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে,
জেলার হরিরামপুর, কুশমন্ডি, হিলি গ্রামীণ হাসপাতাল, খাসপুর স্বাস্থ্য কেন্দ্র এবং গঙ্গারামপুর মহকুমা ও বালুরঘাট জেলা হাসপাতাল অর্থাৎ মোট ৬ টি জায়গায় দেওয়া হচ্ছে করোনা ভ্যাকসিন। প্রতিটি সেন্টারে ১০০ জন করে মোট ৬০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। এদিন জেলার ৬ টি সেন্টারই জেলার চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের টিকাকরণ করা হয়। উল্লেখ্য, ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলায় করোনা ভ্যাকসিনের ২০ হাজার ৫০০ টি ডোজ এসে গিয়েছে। এদিন হাসপাতালে গিয়ে টিকাকরণ প্রক্রিয়ার সূচনা করার পাশাপাশি গোটা বিষয়টির তদারকি করেন জেলা শাসক নিখিল নির্মল। তিনি জানিয়েছেন, ভ্যাকসিন নিয়ে আতঙ্কের কিছু নেই। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে করোনা অতিমারি রুখতে টিকাকরণ শুরু হয়ে গিয়েছে৷ এই কোভিশিল্ড ভ্যাকসিন পুরো ট্রায়ালের পর জেলায় এসেছে৷ প্রতিদিন ৬০০ জন করে টিকা দেওয়া হবে।’ এদিন চিকিৎসকদের সঙ্গে টিকা নেন স্বাস্থ্য কর্মীরাও। উল্লেখ্য প্রথম পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের টিকাকরণ করার পর ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যেও টিকাকরণ শুরু হবে। তবে করোনা অতিমারির জেরে দেশের অর্থনীতি যেভাবে ধাক্কা খেয়েছে এখন টিকাকরণের পর ফের ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হবে।
