মালদা
করোনা আবহে প্রতিমার বরাত না পাওয়ায় দুঃশ্চিন্তায় মৃৎশিল্পীরা
নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ১৪ ফেব্রুয়ারি : উৎসবপ্রিয় বাঙালির দোরগোড়ায় সরস্বতী পুজো। প্রতিবছর এই সময়টায় তুঙ্গে উঠতো মৃৎশিল্পীদের ব্যস্ততা। মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে উঠতেন দেবী সরস্বতী। এবছরও দুপয়সা লাভের আশায় সরস্বতী মূর্তি বানিয়ে চলেছেন মালদা জেলায় রতুয়ার মৃৎশিল্পীরা।
কারণ প্রতিবছর এই পঞ্চমী তিথিতে স্কুল-কলেজ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়ে থাকে। কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে যায় জেলার বিভিন্ন ব্লকের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তবে এবছর পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। গতবছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাসের জেরে লকডাউন ঘোষণা করা হয় সারা দেশে। বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি দপ্তর। পরবর্তীতে আনলক প্রক্রিয়ায় স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। তবে করোনা আবহে কলেজ বন্ধ থাকলেও সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশে খুলেছে স্কুল। স্কুল খুললেও এবারে সরস্বতী প্রতিমার বরাত এখনো তেমনভাবে পাননি রতুয়ার মৃৎশিল্পীরা। তাই এবছর মূর্তি কেমন বিক্রি হবে তা নিয়ে দুঃশ্চিন্তায় দিনগুজরান করছেন মৃৎশিল্পীরা। রতুয়ার পরানপুর এলাকার এক মৃৎশিল্পী যতন পাল জানান, করোনা আবহে এবছর দুর্গাপুজো, কালীপুজো কিংবা অন্য কোন পুজোতে সেরকম প্রতিমার বরাত পাইনি। সরস্বতী পুজোর হাতেগোনা মাত্র দুদিন বাকি। এখন স্কুল থেকে প্রতিমার বরাত না পেলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে। এই মুহূর্তে সংসার চালানো রীতিমতো দুঃসাধ্য হয়ে উঠেছে। এব্যাপারে সরকারি সহায়তার আর্জি জানিয়েছেন তিনি।
