কমছে না স্বল্প সঞ্চয়ে সুদের হার। সমালোচনার মুখে পড়ে পিছু হটলো কেন্দ্র
Connect with us

দেশ

কমছে না স্বল্প সঞ্চয়ে সুদের হার। সমালোচনার মুখে পড়ে পিছু হটলো কেন্দ্র

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১ এপ্রিল : সমালোচনার মুখে পড়ে রাত পোহাতেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হল কেন্দ্র। ১২ ঘন্টা কাটতে না কাটতেই সুদের হার প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দাবি করলেন, ভুলবশত অর্থ মন্ত্রকের তরফে একধাক্কায় স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে একটি টুইটবার্তায় সীতারামন বলেন, “২০২০-২১ সালের শেষ ত্রৈমাসিকে যে হারে কেন্দ্রীয় সরকারের স্বল্প সঞ্চয়ের প্রকল্পে সুদ মিলত, সেই হার বজায় থাকবে। অর্থাৎ ২০২১ সালের মার্চ যে হারে সুদ মিলত, সেই হারের সুদ মিলবে। যে ভুলবশত নির্দেশ জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হবে।”উল্লেখ্য, বুধবার রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে ২০২১-২০২২ আর্থিক বছরে পিপিএফ সঞ্চয়ে সুদের হার থাকবে ৬.৪ শতাংশ। এই হার ছিল ৭.১ শতাংশ। কমেছে স্বল্প সঞ্চয়ের সুদের হারও। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৪ শতাংশ থেকে কমে দাঁড়াল ৩.৫ শতাংশ। এক বছরের জন্য যাঁরা টাকা রাখবেন তাঁদের ত্রৈমাসিক সুদের হার ৫.৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৪.৪ শতাংশ। ধাক্কা খেয়েছে প্রবীণদের সঞ্চয়ও। নয়া বিজ্ঞপ্তি বলছে, প্রবীণদের সেভিংস অ্যাকাউন্টের ত্রৈমাসিক সুদের হার ৭.৪ শতাংশ থেকে কমিয়ে করা হল ৬.৫ শতাংশ।স্বল্প সঞ্চয়ে একধাক্কায় সুদের হার কমিয়েছিল কেন্দ্র। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আবহে বুধবার রাতেই সেই ঘোষণা করে অর্থমন্ত্রক। গতরাতের কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নতুন অর্থবর্ষের প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল থেকেই কার্যকর হতে চলেছে নতুন সুদের হার।যা ঘিরে শুরু হয় প্রবল সমালোচনা। তারপরই স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জানানো হয়েছে, ২০২০-২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে সুদের যে হার ছিল, তাই বহাল থাকবে।