ডিজিটাল ডেস্কঃ উত্তর প্রদেশের ঝাঁসিতে রহস্যজনক পরিস্থিতিতে এক যুবকের মৃত্যু ঘটেছে। ২৬ বছর বয়সি বালক রামের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর শ্বশুরবাড়ি থেকে। তবে মৃত্যুর ঠিক আগে একটি লাইভ ভিডিও পোস্ট করে যুবক জানিয়ে গিয়েছিলেন, তাঁর জীবন সংকটে, এবং শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মেরে ফেলতে পারে।
মাত্র ১৫ সেকেন্ডের ভিডিওতে বালক রাম বলেন, “এটা করার অধিকার আমার স্ত্রীর নেই। আমি এখন শ্বশুরবাড়িতে আছি, ওরা আমাকে খুন করবে!” ভিডিওটি প্রকাশ্যে আসার পরই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুনঃ স্ত্রীর আচরণে অতিষ্ঠ স্বামী, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ
জানা গেছে, প্রায় আট বছর আগে বালক রামের সঙ্গে সুধার বিয়ে হয়েছিল এবং তাঁদের দুটি কন্যাসন্তান রয়েছে। ১৫ দিন আগে তাঁর স্ত্রী বাপের বাড়ি চলে যান, এবং ঘটনার দিন কাউকে কিছু না জানিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি যান বালক রাম। এরপরই ঘটে মর্মান্তিক ঘটনা।
মৃত যুবকের বাবা রাম প্রকাশের অভিযোগ, ছেলেকে এমনভাবে হুমকি দেওয়া হয়েছিল যে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।