দেশ
বাংলায় নয়, উত্তরপ্রদেশকে টিকা তৈরির অনুমোদন দিল কেন্দ্র
নিউজ ডেস্ক, ১৩ মে : কোভিডের দাপটে যখন বেসামাল গোটা দেশ, প্রতিষেধকের আকাল দেখা দিয়েছে তখন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে রাজ্যে টিকা তৈরির কারখানা গড়ার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
কিন্তু সেই প্রস্তাবকে উড়িয়ে যোগীর রাজ্য উত্তর প্রদেশের বুলন্দশহরে টিকা তৈরির কারখানা গড়ার অনুমোদন দিল কেন্দ্রের বিজেপি সরকার। সেখানে তৈরি করা হবে কোভ্যাক্সিন টিকা। খুব শীঘ্রই সেখানে টিকা উৎপাদন শুরু হবে। জানা গিয়েছে, কোভ্যাক্সিন টিকা তৈরি করেছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক। বুলন্দশহরে রয়েছে ভারত ইমিউনোলজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল কর্পোরেশন লিমিটেড (বিআইবিসিওএল)-এর কারখানা। ওই সংস্থার সঙ্গেই গাঁটছড়া বেঁধেই আগামী দিনে বুলন্দশহরে তৈরি হবে কোভ্যাক্সিন। কাজ শুরু হওয়ার পর প্রতি মাসে ২ কোটি ডোজ তৈরি হবে সেখানে। এ জন্য স্বাস্থ্য মন্ত্রক বিআইবিসিওএল-কে ৩০ কোটি টাকা দেবে বলে জানা গিয়েছে। ১৯৮৯ সালে তৈরি হওয়া বুলন্দশহরের ওই প্রতিষ্ঠানে পোলিও টিকা-সহ বেশ কয়েকটি টিকা তৈরি হয়েছে। উল্লেখ্য বুধবারই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘কেন্দ্র যদি চায়, তবে টিকা তৈরির কারখানার জন্য রাজ্য জমি দিতেও রাজি’।
মূলত ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন এবং সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ডের ডোজ দেওয়া হচ্ছে ভারতে। কিন্তু চাহিদার তুলনায় টিকার জোগান অপ্রতুল। সে জন্য বেশ কয়েকটি রাজ্যে ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের মধ্যে টিকাকরণ বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতির সামাল দিতেই বুলন্দশহরে টিকার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
