দেশ
উত্তরপ্রদেশে নদীতে দেহ ভেসে আসার পর এবার চড়ে মিলল একাধিক দেহ, দুর্গন্ধ থেকে ক্ষোভ এলাকায়
নিউজ ডেস্ক, ১৩ মে : করোনা নিয়ে বেসামাল গোটা দেশ। দিনদিন ভয়ংকর হয়ে উঠছে পরিস্থিতি হচ্ছে। বাড়ছে মৃত্যু ও সংক্রমণ৷ হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাবের পাশাপাশি নেই বেডও।
এই পরিস্থিতিতে এবার উত্তরপ্রদেশের উন্নাওয়ের দু’টি জায়গায় গঙ্গার চর থেকে উদ্ধার হল একাধিক মৃতদেহ। নদীর চরে পুঁতে দেওয়া হয়েছিল দেহগুলিকে৷ সেগুলো কোভিডে সংক্রমিত মৃতদেহ কিনা সেবিষয়ে প্রশাসনের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয় নি। ঘটনায় গঙ্গা নদীতে দূষণ হচ্ছে বলে আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। এই বিষয়ে জেলাশাসক রবীন্দ্রকুমার বলেন, “কয়েকজন লোক মৃতদেহ না পুড়িয়ে নদীর চরে বালিতে পুঁতে দিচ্ছে । আমি এই তথ্য পাওয়ার পরে ঘটনাস্থলে আমার কর্মকর্তাদের পাঠিয়েছি । এই বিষয়ে তদন্ত হবে ৷ আমরা এর যথাযথ ব্যবস্থা নেব ৷” তবে দেহগুলি করোনা রোগীর কি না সেই বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে যত মৃতদেহ আসে তার মধ্যে ৭৫ শতাংশ দেহ পোড়ানো হয়৷ আর বাকি দেহ বালিতে পুঁতে দেওয়া হয়৷ কিন্তু কাঠের অভাবে দেহগুলি এখন চরে পুঁতে দেওয়া হচ্ছে।
