রাজ্যের খবর
বিজেপির নিশীথ ও জগন্নাথের ইস্তফা বিধায়ক পদ থেকে, ক্ষুদ্ধ দুই কেন্দ্রের ভোটাররা
নিউজ ডেস্ক , ১২ মে : বুধবার বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দিলেন বিজেপির নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। জানা গেছে সাংসদ পদেই থাকবেন তাঁরা।
নিশীথ প্রামাণিক দিনহাটা এবং জগন্নাথ সরকার শান্তিপুর কেন্দ্র থেকে এবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সদ্য বিধানসভা নির্বাচনে। এদিন বিধানসভায় এসে তাঁদের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। দু’জনেই জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই বিধায়ক পদ ছাড়লেন তাঁরা ৷ বিজেপির এই দুই বিধায়ক ইস্তফা দেওয়ার ফলে রাজ্যে বিধানসভায় বিজেপির আসন ৭৭ থেকে কমে দাঁড়াল ৭৫ এ৷ ফলে এই দু’টি আসনে এবার উপনির্বাচন হবে।রাজনৈতিক মহল সূত্রে খবর, দিনহাট ও শান্তিপুর বিজেপির এই আসন দু’টি ধরে রাখা বিজেপির কাছে চ্যালেঞ্জ হবে৷ কারণ তৃণমূল কংগ্রেস শাসকদলে থাকায় বিজেপির পক্ষে লড়াইটা কঠিন হবে। এদিকে বিধায়ক পদ থেকে ইস্তাফা দেওয়ায় ক্ষোভ ছড়িয়েছে এলাকার ভোটারদের মধ্যে। তাদের অভিযোগ, পদে যখন থাকবেনই তারা, তখন নির্বাচনে কেন প্রতিদ্বন্দ্বিতা করলেন? এক্ষেত্রে ভোটারদের সাথে প্রতারণা করা হল। এমনকি উপনির্বাচনের খরচ এদের দু’জনের কাছ থেকে নেওয়া উচিত বলে দাবি করেছেন এলাকার ওই কেন্দ্রের ভোটাররা। কারণ এতে জনগণের করের টাকা এভাবে অপচয় করার কোনো যুক্তি নেই।
