রাজ্যের খবর
শ্বশুর বাড়িতে শোবার ঘরে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য রায়গঞ্জে
রায়গঞ্জ, ১০ জুন : বুধবার রাতে ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ শহরের ২৭নং ওয়ার্ডের দেবীনগর কালীবাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সীমা দাস(২৫)। এদিন শ্বশুরবাড়ির শোওয়ার ঘরের পাখার হুক থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক বিবাদের জেরে শ্বশুরবাড়ির লোকেরা ওই গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ তুলে ওই ঘটনার পর বিক্ষোভ দেখান মৃতার পরিবারের লোকজন ও প্রতিবেশিদের একাংশ। তাঁরা অভিযুক্তদের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতার স্বামী, শ্বশুর, শাশুড়ী ও ভাসুরকে আটক করেছে। মৃতার ভাসুর রাজ্য পুলিশের সহকারী সাব ইন্সপেক্টরের পদে রায়গঞ্জ ট্র্যাফিক পুলিশে কর্মরত রয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ রাতেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালের মর্গে পাঠিয়েছে। জানা গেছে, চার বছর আগে রায়গঞ্জের গৌরি গ্রাম পঞ্চায়েতের ইটাল গ্রামের বাসিন্দা সীমার বিয়ে হয় দেবীনগর কালিবাড়ীর মহারাজ কলোনীর বাসিন্দা পেশায় হোমিওপ্যাথি ওষুধ বিক্রেতা রাজু দাসের সঙ্গে। তাদের বছর তিনের একটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু মৃতার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকেই কখনো চোর অপবাদ দিয়ে বা নানাবিধ কারনে সীমার উপর শারিরীক নির্যাতন চালাতো তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা। ইতিপূর্বে সে আত্মঘাতী হওয়ার চেষ্টাও করেছে। কিন্তু এদিন মৃতদেহের অবস্থান দেখে তাকে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসে। যদিও পুলিশ তার স্বামী সহ শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আটক করেছে। ঘটনার তদন্তে রায়গঞ্জ থানার পুলিশ।
