ভাইরাল খবর
গণতান্ত্রিক অধিকার খর্ব, পুলিশের হেনস্তার অভিযোগ তুলে হাইকোর্টে সুকান্ত মজুমদার
ডিজিটাল ডেস্কঃ বারবার পুলিশি হেনস্তার অভিযোগ তুলে অবশেষে আইনি পথেই এগোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে—এই অভিযোগে তিনি কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন। তাঁর দাবি, বিগত কয়েক সপ্তাহে অন্তত তিনবার তাঁকে বিনা কারণে আটক করেছে পুলিশ। সেই ঘটনাগুলিকেই তুলে ধরে হাইকোর্টের দারস্থ হয়েছেন তিনি।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, “গত মাসে আমাকে তিনবার আলাদা জায়গা থেকে আটক করা হয়েছে। ১২ জুন কালীঘাটে, ২০ জুন এক পরিচিতের বাড়ির সামনে এবং ২৮ জুন আন্দোলনের সময় আমাকে আটক করা হয়। গণতান্ত্রিক পথে প্রতিবাদ করাটাই কি অপরাধ?” তিনি আরও দাবি করেন, সারারাত তাঁকে লালবাজার থানায় বসিয়ে রাখা হয়েছিল, যা তাঁর নাগরিক অধিকারের পরিপন্থী।
আরও পড়ুনঃ দিলীপ, সুকান্তর পর ‘শমীক যুগ’? বঙ্গ বিজেপির সভাপতির দৌড়ে কার্যত একাই শমীক ভট্টাচার্য
এক্স-এ (X) একটি পোস্টে সুকান্ত লিখেছেন, “বারবার কলকাতা পুলিশের দ্বারা হেনস্তা হতে হচ্ছে। কমিশনারকে জানিয়েও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আজ কলকাতা হাইকোর্টে আমি একটি রিট পিটিশন দায়ের করেছি। বিরোধীদের কণ্ঠরোধের এই অপচেষ্টার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।”
তিনি আরও বলেন, “আমার উপর যে ঘটনা ঘটেছে, তা শুধুমাত্র একজন রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে নয়, একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের সামিল। সংবিধান আমাকে প্রতিবাদ করার অধিকার দিয়েছে। সেই অধিকার রক্ষার জন্যই আদালতের দ্বারস্থ হয়েছি।”
তাঁর এই পদক্ষেপ ঘিরে নতুন করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। রাজনৈতিক মহলের মতে, গণআন্দোলনে বারবার প্রশাসনিক বাধার মুখে পড়া এখন বিরোধীদের স্বাভাবিক অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে।
