কলকাতা
নিজের মাকেই পুড়িয়ে মারল ছেলে, থানায় এসে স্বীকারোক্তি
ডিজিটাল ডেস্কঃ পাটুলিতে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ অবস্থায় মৃত বৃদ্ধার ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন তাঁর ছেলে। রবিবার থানায় আত্মসমর্পণ করে নিজের মাকেই খুন করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত অভিষেক মৈত্র, যিনি পেশায় একজন ব্যাংককর্মী।
পুলিশ সূত্রে জানা গেছে, ৭২ বছর বয়সী মালবিকা মৈত্র নামে ওই বৃদ্ধাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকেই মৃতার ছেলে পলাতক ছিলেন। তদন্তের স্বার্থে বৃদ্ধার ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে প্রায় ৯ লক্ষ টাকা ছিল, তা ফ্রিজ করে দেওয়া হয়।
আরও পড়ুনঃ পাটুলিতে রহস্যজনক অগ্নিদগ্ধ মৃত্যু: বৃদ্ধার দেহ উদ্ধার, ছেলে বেপাত্তা
স্থানীয়দের মতে, অভিষেক তাঁর মায়ের সঙ্গে পাটুলির বিদ্যাসাগর কলোনির এক ফ্ল্যাটে ভাড়া থাকতেন। গত বুধবার দুপুরে ওই ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখে এলাকাবাসী দমকলে খবর দেন। দমকল কর্মীরা এসে দেখেন, ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ। দরজা ভেঙে তারা অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে।
টাকা-পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের ধারণা। দীর্ঘ তদন্তের পর অবশেষে ছেলে নিজেই থানায় আত্মসমর্পণ করে মায়ের হত্যার দায় স্বীকার করেছেন।
