স্বাস্থ্য
শাহরুখের মেট গালা অভিষেক! প্রথম ভারতীয় পুরুষ হিসেবে রেড কার্পেটে হাঁটতে চলেছেন কিং খান
ডিজিটাল ডেস্কঃ বিশ্ব ফ্যাশনের মর্যাদাপূর্ণ মঞ্চ ‘মেট গালা’-য় এ বার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে ভারত। প্রথম ভারতীয় পুরুষ হিসেবে এই রেড কার্পেটে হাঁটতে চলেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)। সোমবার থেকে নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট’-এ শুরু হচ্ছে ‘মেট গালা ২০২৫’। তার আগেই রবিবার নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছেন ‘বাদশা’।
বিমানবন্দরে শাহরুখের সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার পূজা দাদলানি (Pooja Dadlani)। পাপারাৎজি এবং উপস্থিত কিছু অনুরাগীর সঙ্গে দেখা যায় তাঁকে উষ্ণ বিনিময় করতে। ভাইরাল হওয়া ভিডিওয় ধরা পড়ে, তিনি সাদা টি-শার্টের উপর ধূসর জ্যাকেটে যথারীতি স্টাইলিশ এবং আত্মবিশ্বাসী মেজাজে হেঁটে আসছেন। দেশের তুলনায় সেখানে অনুরাগীর সংখ্যা কম হলেও উপস্থিতরা শাহরুখকে ঘিরে উচ্ছ্বসিত ছিলেন।
ভারতীয় মহিলারা বহু আগেই মেট গালার রেড কার্পেটে নিজেদের উপস্থিতির ছাপ রেখেছেন। প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), এবং আলিয়া ভাট (Alia Bhatt)-এর মতো তারকারা বিশ্বের নজর কাড়েন এই গালায়। কিন্তু কোনও ভারতীয় পুরুষ তারকা মেট গালার ইতিহাসে আগে এমন পদক্ষেপ নেননি। সেই দিক থেকে শাহরুখের এই উপস্থিতি নিঃসন্দেহে যুগান্তকারী।
বলিউডের অন্দরমহলে কানাঘুষো চলছে, শাহরুখ এই গালায় হাঁটবেন নামী ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের (Sabyasachi Mukherjee) ডিজাইন করা বিশেষ পোশাকে। একদিকে ভারতের সবচেয়ে প্রভাবশালী সুপারস্টার, অন্যদিকে দেশের গর্ব ফ্যাশন ডিজাইনে — এই যুগলবন্দি মঞ্চ মাতাতে প্রস্তুত।
উল্লেখ্য, প্রতিবছর নিউ ইয়র্কে আয়োজিত ‘মেট গালা’ হল কস্টিউম ইনস্টিটিউটের তহবিল সংগ্রহের একটি অন্যতম ইভেন্ট। এখানে বিশ্বজোড়া ফ্যাশন হাউস, ডিজাইনার এবং সেলিব্রিটিরা একত্র হন। এবার সেই লাল কার্পেটে ভারত থেকে পুরুষ প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকছেন কিং খান — যা নিঃসন্দেহে ভারতীয় ফ্যাশন ও চলচ্চিত্র জগতের জন্য এক গর্বের মুহূর্ত।
