মেট গালায় প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা, ইতিহাস গড়লেন শাহরুখ খান
Connect with us

সোশ্যাল মিডিয়া

মেট গালায় প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা, ইতিহাস গড়লেন শাহরুখ খান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিউইয়র্কের (New York) মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে (Metropolitan Museum of Art) আয়োজিত এবারের মেট গালায় (Met Gala) প্রথমবারের মতো পা রাখলেন বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা শাহরুখ খান (Shah Rukh Khan)। বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার রাতে রাজকীয় ভঙ্গিতে রেড কার্পেটে আত্মপ্রকাশ করলেন তিনি। দেশজুড়ে অনুরাগীদের মধ্যে আগ্রহ তুঙ্গে ছিল এই দিনটি ঘিরে, বিশেষ করে যেহেতু তাঁর পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন খ্যাতনামা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee)।

শাহরুখের পোশাকে ছিল ক্লাসিক ব্ল্যাক স্যুট, দীর্ঘ লম্বা কোট, হাতে একটি নকশাযুক্ত লাঠি এবং গলায় নজরকাড়া নেকপিস। তার গলায় শোভা পায় একটি ‘K’ লকেট, যা তাঁর কিং খেতাবের প্রতীক বলেই মনে করছেন অনুরাগীরা। ছড়ির মাথায় থাকা বাঘের মুখের নকশাও যেন তাঁর ব্যক্তিত্বের সঙ্গে তাল মিলিয়ে দাপটের বার্তা দিচ্ছিল।

আরও পড়ুনঃ শাহরুখের মেট গালা অভিষেক! প্রথম ভারতীয় পুরুষ হিসেবে রেড কার্পেটে হাঁটতে চলেছেন কিং খান

এই প্রথম কোনও ভারতীয় পুরুষ অভিনেতা মেট গালায় অংশ নিলেন, তাই শাহরুখের উপস্থিতিকে অনেকে বলছেন ‘ঐতিহাসিক’। তবে অভিনেতা নিজে সেই তকমা নিয়ে বিশেষ আলোচনায় যেতে নারাজ। রেড কার্পেটের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি জানি না এটা ইতিহাস কিনা, তবে আমি খুব নার্ভাস এবং একসঙ্গে উত্তেজিতও। সাধারণত আমি এমন অনুষ্ঠানে আসি না, একটু অন্তর্মুখী প্রকৃতির মানুষ তো। তবে সব্যসাচী আমাকে অনেকবার বোঝানোর পর রাজি হই।”

Advertisement
ads

তাঁর এই সফরের পিছনে আরেকটি বড় ভূমিকা পালন করেছে তাঁর সন্তানরা। “ওরা খুবই এক্সসাইটেড ছিল। ওদের উৎসাহেই শেষমেশ আমি রাজি হয়ে যাই,” বলেন শাহরুখ খান। এবারের মেট গালার থিম ছিল— ‘সুপারফাইন টেইলরিং ইন ব্ল্যাক স্টাইল’। সেই অনুযায়ীই পোশাকে ভারতীয় ঐতিহ্য এবং পশ্চিমি আধুনিকতার মিশেলে রাজকীয় আবহ তৈরি করেছেন সব্যসাচী।

শাহরুখ ছাড়াও আরও একাধিক ভারতীয় তারকা এদিনের মেট গালায় অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন কিয়ারা আদবানী (Kiara Advani), যিনি এই মুহূর্তে মা হতে চলেছেন, এবং জনপ্রিয় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। এছাড়া, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas) ও রেড কার্পেট মাতান নিজের ছন্দে।

এই ঐতিহাসিক মুহূর্তের ছবি প্রথম প্রকাশ করেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি (Pooja Dadlani)। মুহূর্তের মধ্যে ছবিগুলি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দেশজুড়ে নেটিজেনদের কণ্ঠে একটাই সুর— এটা শুধুমাত্র এক জন তারকার অর্জন নয়, বরং গোটা দেশের জন্য গর্বের মুহূর্ত।

Advertisement
ads