রাজনীতি
খড়্গপুরে প্রবীণ বাম নেতাকে রাস্তায় মারধর, আটক তৃণমূল নেত্রী বেবি কোলে
ডিজিটাল ডেস্কঃ খড়্গপুরের (Kharagpur) রাস্তায় প্রকাশ্যে এক প্রবীণ বামনেতাকে মারধরের অভিযোগে তৃণমূল নেত্রী বেবি কোলেকে (Baby Kole) আটক করল পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত সিপিএম নেতা অনিল দাস (Anil Das)। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার তাঁকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সূত্রের খবর, সোমবার রাতে বেবি কোলেকে প্রথম দফায় থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তাঁকে ছেড়ে দেওয়া হলেও, মঙ্গলবার ফের তাঁকে জেরা করা হয় এবং পরে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ, একটি বাড়ির পাঁচিল ভাঙা নিয়ে বচসার জেরে অনিলবাবুকে রাস্তার উপর বেধড়ক মারধর করা হয়। এমনকি তাঁকে জুতোপেটাও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনাস্থলে উপস্থিত তৃণমূল কর্মীদের কেউ সেই হামলা থামানোর চেষ্টা করেননি।
আরও পড়ুনঃ গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ, আজ আদালতের মুখোমুখি
অন্যদিকে, বেবি কোলে পাল্টা অভিযোগ এনেছেন অনিল দাসের বিরুদ্ধে। তাঁর বক্তব্য, অনিল চাকরির প্রতিশ্রুতি দিয়ে কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছেন এবং বহুবার মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেছেন। তবে এতদিন পরে কেন অভিযোগ, সেই প্রশ্নও উঠেছে।
জেলা পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল নেতৃত্বও অস্বস্তিতে পড়েছে। দলীয় সূত্রে খবর, ইতিমধ্যেই বেবি কোলেকে শোকজ করেছে দল।
এই ঘটনার নিন্দায় মুখর হয়েছে রাজনৈতিক মহল। স্থানীয় মানুষজনের দাবি, দোষী যে-ই হোক, তাঁকে কঠোর শাস্তি দিতে হবে।
