ভাইরাল খবর
গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ, আজ আদালতের মুখোমুখি
ডিজিটাল ডেস্কঃ কসবা ল কলেজে (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া চার অভিযুক্তকে মঙ্গলবার ফের আলিপুর আদালতে পেশ করা হচ্ছে। ধৃত মনোজিৎ মিশ্র (Manojit Mishra), জইব শেখ (Jaib Sheikh) এবং প্রমিত নস্করকে (Pramit Naskar) আদালতে হাজির করে চার দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছিল। সেই হেফাজতের মেয়াদ আজ শেষ হচ্ছে। পরে কলেজের নিরাপত্তারক্ষীকে (Security Guard) গ্রেফতার করে পুলিশ। তাঁকেও আজ আদালতে তোলা হবে।
ঘটনার তদন্তে গঠিত হয়েছে ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT)। নেতৃত্বে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপকুমার ঘোষাল (AC Pradipkumar Ghoshal)। কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই প্রায় সাড়ে সাত ঘণ্টার ভিডিও সংগ্রহ করেছে পুলিশ। নির্যাতিতার বয়ানের সঙ্গে সেগুলির উল্লেখযোগ্য মিল রয়েছে বলে সূত্রের খবর। সেই তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে SIT।
আরও পড়ুনঃ ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন থেকে সরে দাঁড়াল ইউনুস সরকার, বিতর্কে জড়িয়ে সিদ্ধান্ত প্রত্যাহার
এই ঘটনায় নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নির্যাতিতার পরিচয় ফাঁস করার চেষ্টা। মঙ্গলবার সকালে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার (Lalbazar) থেকে একটি স্পষ্ট বার্তা দিয়ে জানানো হয়, এই ধরনের চেষ্টা সম্পূর্ণ বেআইনি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিবৃতিতে লেখা হয়েছে, “নির্যাতিতার পরিচয় গোপন রাখা আইনত বাধ্যতামূলক। যাঁরা এই তথ্য ফাঁস করতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
পুলিশের তরফে সাধারণ মানুষকে সংবেদনশীল থাকার বার্তা দিয়ে বলা হয়েছে, নির্যাতিতার মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করাই এখন সবার প্রথম দায়িত্ব। কেউ এ বিষয়ে আইনভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে লালবাজার।
