ধর্ম
অযোধ্যায় রাম দরবারের প্রাণপ্রতিষ্ঠা শুরু, ভোর থেকেই ভক্তদের ঢল
ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যায় (Ayodhya) শ্রী রাম জন্মভূমি মন্দিরে শুরু হয়েছে রাম দরবারের (Ram Darbar) প্রাণপ্রতিষ্ঠার (Pran Pratishtha) পবিত্র আয়োজন। মঙ্গলবার ভোর থেকে সূচনা হয় এই বহু প্রতীক্ষিত ধর্মীয় অনুষ্টানের। প্রথম দিনের সূর্য ওঠার আগেই মন্দির প্রাঙ্গণে উপচে পড়ে ভক্তদের ঢল। গ্রীষ্মের প্রখর রোদকে তোয়াক্কা না করে তাঁরা দাঁড়িয়ে থেকেছেন দীর্ঘ সময়, শুধুমাত্র পূজায় অংশগ্রহণ ও দর্শনের আশায়।
আচার্য জয়প্রকাশ ত্রিপাঠী (Acharya Jayprakash Tripathi), যিনি এই আচার-বিধান পরিচালনার দায়িত্বে ছিলেন, জানান, “আজ বহু গুরুত্বপূর্ণ পূজা সম্পন্ন হয়েছে। প্রতিটি ধাপ নিষ্ঠা ও নিয়ম মেনে পালন করা হয়েছে।” তাঁর সঙ্গে ছিলেন আরও তিনজন আচার্য, যারা পুরো প্রক্রিয়ায় সহায়তা করেন। এক সহকারী আচার্যের কথায়, “আজকের দিনটির এক বিশেষ তাৎপর্য রয়েছে—রামলালার (Ram Lalla) জন্ম, আর তিনি এখন রাজরূপে আবির্ভূত হচ্ছেন।”
আরও পড়ুনঃ জি-৭ সম্মেলনে মোদীকে আমন্ত্রণ নয়! কানাডার সিদ্ধান্ত ঘিরে কূটনৈতিক জলঘোলা
বুধবার প্রাণপ্রতিষ্ঠার দ্বিতীয় দিনে মন্দির চত্বরে গজানন গণেশ (Lord Ganesha) সহ অন্যান্য দেব-দেবীর আরাধনায় অংশ নেবেন আচার্যবৃন্দ। এই উৎসব উপলক্ষে অযোধ্যা শহরজুড়েই তৈরি হয়েছে এক বিশেষ পবিত্র আবহ। মন্দিরের প্রতিটি কোণ সেজে উঠেছে রঙিন আলো, ফুল ও শুভ্র সজ্জায়। মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া আচার অনুষ্ঠান চলবে ৫ জুন পর্যন্ত।
ভক্তদের অভিজ্ঞতাও উল্লেখযোগ্য। এক ভক্তের (devotee) কথায়, “অত্যন্ত ভিড় ছিল, আবার গরমও প্রচণ্ড। কিন্তু এত কিছুর মধ্যেও আজ এখানে আসতে পেরে আমি আনন্দে আপ্লুত।” এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সোমবার থেকেই শুরু হয়েছে উৎসবের পরিবেশ। প্রাণপ্রতিষ্ঠা ঘিরে গোটা অযোধ্যা শহরে উৎসবমুখর চেতনা ছড়িয়ে পড়েছে।
৫ জুন ‘সরযূ জয়ন্তী জন্মোৎসব’-এ উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এই তথ্য জানিয়েছেন শ্রীরামবল্লভকুঞ্জ (Sri Ram Vallabh Kunj)-এর প্রধান মহন্ত রাজকুমার দাস মহারাজ (Rajkumar Das Maharaj)। এই ধর্মীয় উৎসবের আয়োজন করেছে আঞ্জনেয় সেবা ট্রাস্ট (Anjaneya Seva Trust)। ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত চলবে এক সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মূল পর্ব, যার মধ্যে থাকবে ভক্তিগীতি, ধর্মীয় আলোচনা ও নানান আচার-অনুষ্ঠান।
এই প্রাণপ্রতিষ্ঠার মধ্য দিয়ে মন্দিরে শ্রী রাজা রামের উপস্থিতি আরও একবার আধ্যাত্মিক উন্মাদনা তৈরি করল ভক্তসমাজে।
