মালদা
নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা হরিশচন্দ্রপুরে
নিজস্ব সংবাদদাতা , হরিশচন্দ্রপুর , ৩ মে : ভোটের ফলাফল ঘোষনা হতেই হিংসার ঘটনা ঘটলো হরিশচন্দ্রপুরের বিভিন্ন এলাকায়। সোমবার হরিশ্চন্দ্রপুরের বিজেপির ২৩৩ নম্বর বুথ সভাপতি বাবু রবি দাসের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিরা।
মারধর করা হয়েছে পরিবারের লোকজনকে।দেওয়া হয় প্রাণনাশের হুমকীও। ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে শাসকদলের বিরুদ্ধে। বাবু রবি দাসের মা রেবতী রবি দাস বলেন, এদিন তিনি ও তার মেয়ে নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন। সেসময় তৃণমূলের ছেলেরা মিছিল করে আসবার সময় তাদের বাড়ির টিনে লাঠির আঘাত করে। ঘটনার প্রতিবাদ করলে তারা ভেতরে এসে বাড়ি ভাঙচুর করে। ছেলের উপর হামলা চালায়। অন্যদিকে রবিবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর হাসপাতাল মোড়ে এক বিজেপি কর্মী কালু দাসের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনাতেও অভিযোগেরআঙ্গুল উঠেছে শাসকদলের দিকে। যদিও এটি বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব বলে দাবী তৃণমূল নেতৃত্বের।অন্যদিকে তৃণমূল জেলা সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন, এর আগেও বিজেপি কর্মীরাই নিজেদের পার্টি অফিস ভাঙচুর করেছে। এবারও হারের ক্ষোভে বিজেপির গোষ্ঠি কোন্দল শুরু হয়েছে। তৃণমূলকে বদনাম করতেই এই সমস্ত মিথ্যা অভিযোগ আনছে বিজেপি। যদিও বিজেপি মালদা জেলা সম্পাদক কিষান কেডিয়া বলেন, ফলাফল বেরোনোর পর থেকে দেখা যাচ্ছে নানান জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল-কংগ্রেস। তাদের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল নেই। এগুলো ভিত্তিহীন কথা।
