দেশ
করোনা সংক্রমণে লাগাম টানতে নাইট কার্ফু জারি শহরে। কেবল মিলবে জরুরি পরিষেবা
নিউজ ডেস্ক , ০২ এপ্রিল : দেশ জুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। পাশাপাশি আক্রান্তের দিক দিয়ে সর্বোচ্চ মুম্বাই। এই পরিস্থিতি সংক্রমণে লাগাম টানতে নাইট কার্ফু জারি করল পুনে প্রশাসন। প্রশাসনের তরফে ডিভিশনাল কমিশনার সৌরভ রাও ঘোষণা করেছেন, শনিবার অর্থাৎ ৩রা এপ্রিল সন্ধে ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত পুনেতে কার্ফু জারি থাকবে। সাতদিনের জন্য বন্ধ থাকবে ধর্মীয় প্রতিষ্ঠান, বার, হোটেল, শপিং মল এবং সিনেমা হল।
খাবারের হোম ডেলিভারি, ওষুধ এবং অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর দোকান খোলা থাকবে৷ আগামীকাল, শনিবার থেকেই এই নিয়ম কার্যকর হবে। পরের সপ্তাহে শুক্রবার পরিস্থিতি মূল্যায়ন করা হবে। পাশাপাশি কোনও সাংস্কৃতিক বা রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে না আগামী ৭ দিন। শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন উপস্থিত থাকতে পারবেন। কোনও ব্যক্তির মৃ্ত্যুর পর শেষযাত্রায় অংশ নিতে পারবেন ২০ জন। তবে জরুরি পরিষেবার জন্যে পুনেতে সরকারি বাস পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন ডিভিশনাল কমিশনার সৌরভ রাও।প্রসঙ্গত, পুনেতে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার পুনেতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১১ জন। পুনের মেয়র মুরলীধর মহল একটি নতুন অর্ডার জারি করেছে। এই অর্ডারে বলা হয়েছে, বেসরকারি হাসপাতালগুলির ৮০ শতাংশ আসন খালি রাখতে হবে করোনা রোগীদের জন্য।
