নবান্নের 'পাওয়ার প্লে', কেন্দ্রকে বাইপাস করে নিজেই ঠিক করবে ডিজি
Connect with us

কলকাতা

নবান্নের ‘পাওয়ার প্লে’, কেন্দ্রকে বাইপাস করে নিজেই ঠিক করবে ডিজি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (DG) পদে নিয়োগ নিয়ে আর দিল্লির অনুমোদনের প্রয়োজন পড়বে না। এবার ডিজি নিয়োগে উত্তরপ্রদেশের পথেই হাঁটল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য পুলিশে ডিরেক্টর জেনারেল (DG) পদে নিয়োগের জন্য নতুন নিয়ম প্রণয়নের প্রস্তাবে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা সবুজ সঙ্কেত দিয়েছে।এই সিদ্ধান্তের ফলে, বর্তমানে অস্থায়ী ডিজি পদে থাকা রাজীব কুমারকে স্থায়ীভাবে নিয়োগ করার রাস্তা কার্যত খুলে গেল।

সূত্রের খবর, রাজীব কুমারের চাকরির মেয়াদ আর মাত্র ৬ মাস বাকি রয়েছে। তবে তাঁর নাম যদি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হতো, তাহলে নর্থ ব্লক থেকে সবুজ সঙ্কেত পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। এই পরিস্থিতিতে, নতুন নিয়ম প্রণয়ন করে রাজ্য নিজের সিদ্ধান্তেই ডিজি নিয়োগের পথ বেছে নিতে চলেছে।

উল্লেখযোগ্যভাবে, গত বছর নভেম্বরেই ঠিক এমন এক নিয়ম তৈরি করেছে যোগী আদিত্যনাথের সরকার ‘ডিরেক্টর জেনারেল অব পুলিশ, উত্তর প্রদেশ সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট রুলস, ২০২৪’ অনুযায়ী, এখন থেকে সেখানেও ডিজি পদে নিয়োগের ক্ষেত্রে ইউপিএসসির কাছে নাম পাঠানোর বাধ্যবাধকতা নেই। বরং রাজ্য সরকার নিজের গঠিত সিলেকশন কমিটির মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নিচ্ছে।

আরও পড়ুনঃওয়াকফ বিল নিয়ে মুখ খুললেন মমতা, ‘আপনাদের সম্পত্তি সুরক্ষিত’ : মমতা

Advertisement
ads

নতুন নিয়ম অনুযায়ী, ডিজি পদপ্রার্থীর অবসরের আগে কমপক্ষে ছয় মাস চাকরি বাকি থাকতে হবে এবং নিয়োগের পরে তিনি অন্তত দু’বছর পদে থাকতে পারবেন। কমিটির নেতৃত্বে থাকবেন একজন অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতি। সঙ্গে থাকবেন মুখ্যসচিব, ইউপিএসসির একজন প্রতিনিধি, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের মনোনীত সদস্য, স্বরাষ্ট্র দফতরের প্রতিনিধি, অতিরিক্ত মুখ্যসচিব অথবা সমমানের কোনও আধিকারিক এবং একজন অবসরপ্রাপ্ত ডিজি।

২০০৬ সালের সুপ্রিম কোর্টের প্রখ্যাত ‘প্রকাশ সিং’ মামলার রায় অনুযায়ী, ডিজি নিয়োগে ইউপিএসসির মাধ্যমে নিয়োগের যে নিয়ম চালু ছিল, তা এবার কার্যত এড়িয়ে গেল উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ— দুই রাজ্যই। যদিও ইউপিএসসির একজন প্রতিনিধি থাকছেন কমিটিতে, কিন্তু তা নিছক আনুষ্ঠানিক বলা চলে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এর ফলে রাজ্যগুলোর হাতে বেশি প্রশাসনিক ক্ষমতা এলেও, ডিজি নিয়োগকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দ্বন্দ্বের নতুন অধ্যায় শুরু হতে পারে।

এদিকে নবান্ন সূত্রের খবর, এই নয়া নিয়ম কার্যকর হলে, রাজীব কুমারকে আগামী দুই বছর পর্যন্ত স্থায়ী ডিজি পদে রাখার কোনও বাধা থাকবে না। এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশাসনিক কৌশলের দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement