দুর্ঘটনা
পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মন্ত্রীর গাড়ি, কেমন রয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী
দিজিটাল ডেস্ক: রবিবার দুপুরে হাওড়ার ডোমজুড় এলাকায় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী প্রদীপ মজুমদার। জাতীয় সড়ক ১৬-তে এক বেপরোয়া লরির ধাক্কায় তাঁর গাড়ির পিছনের অংশ চুরমার হয়ে যায়। তবে আশার কথা, এই দুর্ঘটনায় মন্ত্রী অক্ষত আছেন এবং চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, তাঁর শরীরে কোনও গুরুতর আঘাত লাগেনি।
ঘটনাটি ঘটেছে দুপুর ১টা নাগাদ, যখন মন্ত্রীর কনভয় ডানকুনি থেকে কলকাতার দিকে যাচ্ছিল। এল ন্যাক মোড় সংলগ্ন একটি খাদ্যপ্রস্তুত কারখানার সামনে আচমকা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, ধাক্কার শব্দ এতটাই তীব্র ছিল যে মুহূর্তে আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রথমেই নিরাপত্তাকর্মী ও স্থানীয় মানুষজন মন্ত্রীকে গাড়ি থেকে নিরাপদে বের করে আনেন। পরবর্তীতে তাঁকে একটি নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়।
ঘটনার পরেই ঘাতক লরিটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। তারা খতিয়ে দেখছে, চালকের গাফিলতি নাকি যান্ত্রিক ত্রুটি—কোনটি এই বিপদের কারণ।
এই দুর্ঘটনা ফের একবার জাতীয় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও ভারী যানবাহনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল। বিশেষত, রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি চলাচলের সময় নিরাপত্তা ও নজরদারি আরও কড়াকড়ি করা প্রয়োজন বলেই মত সংশ্লিষ্ট মহলের।


