উত্তরবঙ্গ
ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে সরকারি বাসের ধাক্কায় মৃত ২, আহত বহু
ডিজিটাল ডেস্কঃ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির উল্লাডাবরি (Ulladabari) এলাকায় রবিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা (Road Accident) ঘিরে চাঞ্চল্য ছড়াল। তিস্তা সেতুর (Teesta Bridge) কাছে একটি এনবিএসটিসি (NBSTC) বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত দুই যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন একাধিক যাত্রী।
জানা গিয়েছে, শিলিগুড়ি (Siliguri) থেকে ফালাকাটা (Falakata) অভিমুখে যাত্রী নিয়ে যাচ্ছিল সরকারি বাসটি। উল্লাডাবরি এলাকায় পৌঁছতেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Police), দমকল বাহিনী (Fire Brigade) এবং অ্যাম্বুল্যান্স (Ambulance)। যৌথ উদ্যোগে বাসের ভিতর থেকে আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল (Super Speciality Hospital), জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ (Medical College) এবং ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার জেরে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রাক সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
