খেলার খবর
সড়ক দুর্ঘটনায় মৃত্যু লিভারপুল তারকা দিয়োগো জোটার, শোকস্তব্ধ ফুটবলবিশ্ব
ডিজিটাল ডেস্কঃ শোকস্তব্ধ ফুটবলবিশ্ব। মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন পর্তুগালের জাতীয় দলের উইঙ্গারদিয়োগো জোটা (Diogo Jota)। বয়স মাত্র ২৮। গত বৃহস্পতিবার স্পেনের জামোরা (Zamora) অঞ্চলে ছুটি কাটাতে গিয়ে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গোতা এবং তাঁর ভাই আন্দ্রের (Andre)।
স্থানীয় প্রশাসনের মতে, ছুটির দিনে গাড়ি চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি এলাকায় উল্টে পড়ে তাঁদের গাড়ি। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে পাশের ফসলের খেতেও তা লেলিহান শিখায় গ্রাস করে নেয়। ঘটনাস্থলে পৌঁছায় মেডিক্যাল এমার্জেন্সি টিম ও দমকল, তবে তাদের কিছু করার ছিল না—দুই ভাই তখনই প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুনঃ বঙ্গ বিজেপির দায়িত্বে শমীক ভট্টাচার্য, সায়েন্স সিটিতে সংবর্ধনায় তৃণমূলকে হঠানোর বার্তা
মাত্র ১২ দিন আগে, ২২ জুন দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোর (Rute Cardoso) সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন গোতা। তাঁদের ছিল তিন সন্তান। সদ্য গৃহী জীবনে পা রেখেই এমন এক অপ্রত্যাশিত পরিণতি কেবল ফুটবলপ্রেমী নয়, গোটা ক্রীড়ামহলকেই স্তব্ধ করে দিয়েছে।
ক্লাব ফুটবলে গোতা সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছিলেন লিভারপুলের (Liverpool FC) জার্সিতে। ২০২০ সালে ৪১ মিলিয়ন পাউন্ডে উলভস (Wolves) থেকে তাঁকে দলে নেয় লিভারপুল। এই ক্লাবে পাঁচ বছরে ১৮২টি ম্যাচ খেলে ৬৫টি গোল করেন, জেতেন চারটি ট্রফি—একটি FA কাপ ও দুটি লিগ কাপ সহ প্রিমিয়ার লিগ।
পর্তুগালের জাতীয় দলের হয়ে ৪৯টি ম্যাচে ১৪ গোল করেন দিয়োগো গোতা। ২০২৪-২৫ মরশুমে নেশনস লিগ জয়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তাঁর হঠাৎ চলে যাওয়ায় শুধু পর্তুগাল নয়, বিশ্বজুড়ে ফুটবলভক্তদের হৃদয়ে গভীর শূন্যতা তৈরি হল।
