দুর্ঘটনা
ভয়াবহ সড়ক দুর্ঘটনা! বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৩, আহত অন্তত ২৮
ডিজিটাল ডেস্কঃ রাজস্থানের জয়পুর-বিকানের জাতীয় সড়কে (National Highway) মঙ্গলবার গভীর রাতে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা (Accident)। রাত প্রায় ১১টা নাগাদ শিকার জেলার ফতেপুরের কাছে একটি স্লিপার ক্লাস বাস (Sleeper Class Bus) এবং একটি ট্রাকের (Truck) মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন জন যাত্রীর। গুরুতরভাবে আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন।
দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন ছুটে এসে পুলিশকে খবর দেন। ফতেপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে (Hospital) পাঠায়। চিকিৎসকেরা সেখানে তিন জনকে মৃত ঘোষণা করেন। বাকি যাত্রীদের চিকিৎসা চলছে, যার মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাসটিতে প্রায় ৫০ জন তীর্থযাত্রী ছিলেন। তাঁরা গুজরাটের ভালসাদ (Valsad) থেকে বৈষ্ণদেবী (Vaishnodevi) দর্শন সেরে খাটুশ্যামজির (Khatushyamji) মন্দিরে যাওয়ার পথে ছিলেন। সেই সময় ঝুনঝুনু দিক থেকে বিকানেরের দিকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
মৃতদেহগুলি ময়নাতদন্তে (Post-mortem) পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ। তবে প্রাথমিক অনুমান, ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারানোয় (Loss of Control) সংঘর্ষটি ঘটতে পারে। অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


