চাকরিহারা ইস্যুতে উত্তপ্ত কলকাতা, একদিকে মমতার সভা, অন্যদিকে বিজেপির 'কালীঘাট চলো'
Connect with us

কলকাতা

চাকরিহারা ইস্যুতে উত্তপ্ত কলকাতা, একদিকে মমতার সভা, অন্যদিকে বিজেপির ‘কালীঘাট চলো’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চাকরি বাতিল হওয়া হাজার হাজার শিক্ষক-কর্মচারীর হতাশা এবং ক্ষোভের আবহে সোমবার উত্তেজনার কেন্দ্রে থাকছে কলকাতা। একদিকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) চাকরিহারাদের সঙ্গে মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অন্যদিকে বিজেপির যুব মোর্চা আয়োজন করেছে ‘কালীঘাট চলো’  (Kalighat Chalo) কর্মসূচির।

সুপ্রিম কোর্টের রায়ের জেরে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এই রায়ের পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, চাকরিহারাদের ডাকা সভায় তিনি নিজে যাবেন, শুনবেন তাঁদের কথা। নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমি যাব বলেছি। তবে মানসিক চাপ নেবেন না, ধৈর্য হারাবেন না।”

আরও পড়ুনঃমুখ্যমন্ত্রীর সামনে ‘যোগ্য’ চাকরিহারা দের আর্মি: “চাকরি ফেরান, পরীক্ষা নয়

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, চাকরি হারানো মানুষদের অনেকেই গৃহঋণ বা গাড়ির ঋণে জর্জরিত, সন্তানদের পড়াশোনা কিংবা পরিবারের চিকিৎসা নিয়ে সমস্যায় পড়েছেন। তিনি প্রশ্ন তোলেন, “এতগুলো মানুষের দায়িত্ব কে নেবে? যদি কেউ আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, তার দায় কে নেবে?” এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের পরিকল্পনা করেছে বিজেপির যুব মোর্চা। অভিযোগ তুলেছে, রাজ্য সরকারের দুর্নীতির ফলেই চাকরিহারা হয়েছেন হাজার হাজার মানুষ। যুব মোর্চার দাবি, “যোগ্য প্রার্থীদের চাকরি না পাওয়ার দায় মুখ্যমন্ত্রীর।”

Advertisement
ads

বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কলকাতা শহর সরকার বিরোধী স্লোগান ও পোস্টারে ভরিয়ে দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন জেলাতেও বিক্ষোভ শুরু হয়েছে। সোমবার সকাল থেকেই নেতাজি ইনডোরের বাইরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে সভার পাস বিলি নিয়ে। পাশাপাশি বিজেপির কর্মসূচি ঘিরে শহরের নানা প্রান্তে কড়া পুলিশি পাহারা মোতায়েন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী যেখানে সরাসরি চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, সেখানে বিরোধীরা স্পষ্ট বলছে— এই পরিস্থিতির জন্য দায়ী একমাত্র রাজ্য সরকার। অভিযোগ উঠেছে দুর্নীতি, স্বজনপোষণ ও প্রশাসনিক ব্যর্থতার। সব মিলিয়ে চাকরি ইস্যুতে রাজ্য রাজনীতির পারদ চড়ছে দ্রুত। এদিন মুখ্যমন্ত্রী ও বিজেপির পাল্টা কর্মসূচি কলকাতার রাজপথে আরও উত্তাপ ছড়াবে বলেই মনে করা হচ্ছে।

Continue Reading
Advertisement