প্রতারণা
জেলবন্দি স্বামীর জামিনের নাম করে সেনাকর্মীর ধর্ষণ! পার্কস্ট্রিট থানায় গুরুতর অভিযোগ
ডিজিটাল ডেস্কঃ কলকাতার বুকে ফের নারকীয় যৌন হেনস্তার অভিযোগ। স্বামীর জামিন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক সেনাকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন এক মহিলা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পার্কস্ট্রিট এলাকায়। ইতিমধ্যেই Park Street Police Station-এ লিখিত অভিযোগ জমা পড়েছে, যার ভিত্তিতে অভিযুক্ত সেনাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে অসমে কর্মরত। অভিযোগকারিণী মহিলার স্বামী একটি অপরাধমূলক মামলায় বর্তমানে জেলবন্দি। সেই পরিস্থিতিতে জামিন পাইয়ে দেওয়ার নাম করে একাধিকবার অর্থ আদায় করে অভিযুক্ত সেনাকর্মী। শুধু আর্থিক প্রতারণা নয়, অভিযোগকারিণী আরও জানিয়েছেন, তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার যৌন নির্যাতন চালানো হয়েছে। ধর্ষণের প্রসঙ্গটিও রয়েছে লিখিত অভিযোগপত্রে।
আরও পড়ুনঃ CAA ক্যাম্প ঘিরে তপ্ত রাজনীতি, তৃণমূলের অভিযোগ ‘আইওয়াশ’, পালটা দিল বিজেপি
সূত্রের খবর, নির্যাতিতা দিন কয়েক আগেই পুরো বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানান। এরপরই Park Street PS-এর তদন্তকারী অফিসাররা সক্রিয় হন। অবশেষে কলকাতার ওয়াটগঞ্জ (Watgunge) এলাকা থেকে ওই সেনাকর্মীকে গ্রেফতার করা হয়।
আজ তাকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্তের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিষয়টি শুধু ব্যক্তিগত নয়, এর পিছনে আর কেউ যুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
এই ঘটনা ঘিরে ফের একবার প্রশ্ন উঠছে—আইনের নাম করে সাধারণ মানুষকে প্রতারিত করা এবং নারীদের উপর যৌন হেনস্তা আটকাতে কতটা সক্রিয় হচ্ছে প্রশাসন?