ভাইরাল খবর
নারী নিরাপত্তা থেকে জনবিন্যাস বদল! বাজেট ভাষণে ‘ভয় আউট, ভরসা ইন’ বার্তা
ডিজিটাল ডেস্কঃ রাজ্যপাল আর এন রবির উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হলো পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন (Budget Session)। নতুন সরকারের প্রশংসা করে তিনি জানান, এবার থেকে বিধানসভার অধিবেশন সরাসরি সম্প্রচারিত (Live Broadcast) হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত-সহ মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে রাজ্যপাল স্পষ্ট করে দেন, রাজ্যে আর কোনো ‘থ্রেট কালচার’ বা তোলাবাজি বরদাস্ত করা হবে না। বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতি মেনে চলবে।
রাজ্যপাল তাঁর ভাষণে ‘ভয় আউট, ভরসা ইন’-এর বার্তা দিয়ে বলেন, অনুপ্রবেশের (Infiltration) কারণে বাংলার জনবিন্যাসে (Demography) যে নেতিবাচক পরিবর্তন ঘটছিল, তা রুখতে সীমান্ত সুরক্ষা জোরদার করা হচ্ছে এবং বিএসএফ-এর জন্য জমি হস্তান্তরের কাজ শুরু হয়েছে।
একই সঙ্গে, পূর্বতন তৃণমূল সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি (Institutional Corruption) এবং চিংড়িহাটা মেট্রো প্রকল্প পরিকল্পিতভাবে আটকে রাখার তীব্র সমালোচনা করেন তিনি। নতুন সরকারের আমলে বন্ধ চা বাগান পুনরায় চালু করা, জাতীয় শিক্ষানীতি (National Education Policy) রূপায়ণ এবং ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর মতো জনকল্যাণমূলক প্রকল্পের (Welfare Schemes) প্রশংসা শোনা যায় তাঁর কণ্ঠে। আগামী ২২ জুন অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবর্ষের বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট পেশ করবেন এবং এই অধিবেশন ২৫ জুন পর্যন্ত চলবে।
