ধর্ম
মুসলিম দোকানে তৈরি হচ্ছে জগন্নাথের প্রসাদ! মমতার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ শুভেন্দুর
ডিজিটাল ডেস্কঃ জগন্নাথ দেবের (Jagannath Dev) প্রসাদ বিতরণ নিয়েই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর দাবি, দিঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রজেক্ট, সেখান থেকেই যে প্রসাদ গোটা রাজ্যে বিতরণ করা হচ্ছে, তা আসলে হালাল মিষ্টি। সেই মিষ্টি তৈরি হচ্ছে এক মুসলিম মিষ্টির দোকানে। এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
শুভেন্দু শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে সামসুরজ্জামান (Samsurazzaman) নামে এক ব্যক্তি নিজেকে মুর্শিদাবাদের রানিনগরের ‘টিপটপ মিষ্টান্ন ভাণ্ডার’-এর মালিক বলে পরিচয় দেন। ভিডিওতে সামসুরজ্জামানকে বলতে শোনা যায়, ‘‘সরকারি নির্দেশ মেনেই মিষ্টি তৈরি করেছি। আমার দোকানে হালাল মিষ্টিই তৈরি হয়।’’ জানা যাচ্ছে, এই দোকান থেকেই তৈরি হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ বলে বিলি করা মিষ্টি।
পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মাবলম্বী জনগণের জ্ঞতার্থে প্রকাশ করা হলো:-@RSSorg @VHPDigital @iskcon @rkmbelurmath @bharatssangha pic.twitter.com/bo7m1DC2te
— Suvendu Adhikari (@SuvenduWB) June 20, 2025
এই প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী তোপ দাগেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ভোটের রাজনীতির জন্য জগন্নাথ দেবের প্রসাদও হালাল বানিয়ে দিচ্ছেন। এটা কি হিন্দুদের ধর্মীয় অনুভূতির সঙ্গে ছেলেখেলা নয়? হিন্দুদের কি হালাল মিষ্টি প্রসাদ হিসেবে গ্রহণ করা উচিত? মুখ্যমন্ত্রী কি জানেন কোথায় কোথায় এই মিষ্টি তৈরি হচ্ছে? নাকি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এটা করা হচ্ছে?’’
আরও পড়ুনঃ পাকিস্তানের বড় ঘোষণা, প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন
বিরোধী দলনেতার আরও অভিযোগ, ‘‘মুখ্যমন্ত্রীর হিডকো (HIDCO) অধীনেই এই মিষ্টির সরবরাহের দায়িত্ব। গোটা পরিকল্পনা রাজ্য সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলছে। অথচ মিষ্টি তৈরি হচ্ছে এমন দোকানে, যেখানে হালাল পদ্ধতিতে মিষ্টি তৈরি হয়। এটা মেনে নেওয়া যায় না।’’
প্রসঙ্গত, দিঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের প্রসাদ রাজ্যজুড়ে বিক্রির জন্য হিডকো প্রতিটি প্যাকেটের দাম ধার্য করেছে ২০ টাকা। বিরোধীদের অভিযোগ, সরকারের তরফে প্রচার করা হয়েছিল এই প্রসাদ ‘বিশুদ্ধ’, তবে বাস্তবে তা এক মুসলিম দোকানে হালাল নিয়মে তৈরি হচ্ছে।
এই ইস্যুতে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে শুভেন্দু অধিকারীর অভিযোগের জেরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই বলছেন, ধর্মীয় আবেগকে কেন্দ্র করে রাজ্য সরকারকে বিপাকে ফেলতেই বিজেপি এই অভিযোগ তুলে রাজনৈতিক ময়দান গরম করতে চাইছে।
