বিশ্বের খবর
গাজা সীমান্তে হামলার সময় ভুল লক্ষ্যবস্তু, ইজরায়েলি বোমা পড়ল নিজস্ব জনবসতিতে
ডিজিটাল ডেস্কঃ গাজা সীমান্তে হামাস বিরোধী অভিযানের মাঝেই চাঞ্চল্যকর কাণ্ড ঘটাল ইজরায়েলি বিমানবাহিনী। বুধবার সকালে হামাসের অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলার সময় কয়েকটি বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে পড়ল ইজরায়েলের নিজস্ব ভূখণ্ডে— গাজার থেকে মাত্র দু’কিলোমিটার দূরের ইতজাক এলাকায়। ঘটনাস্থলটি ইহুদি জনবসতিপূর্ণ হওয়ায় ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই আকাশ থেকে তীব্র আওয়াজে কেঁপে ওঠে ইতজাক অঞ্চল। পরে জানা যায়, ইজরায়েলি বিমানবাহিনীর ছোঁড়া বোমাই দুর্ঘটনাবশত ওই এলাকায় পড়ে। যদিও এই ঘটনায় কোনও প্রাণহানির খবর এখনও পর্যন্ত মেলেনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। বোমাবর্ষণের ফলে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর।
আরও পড়ুনঃনতুন সরকার, পুরনো প্রেম—লন্ডনে চুপিসারে আবারও জমে উঠল BNP-জামাতের কেমিস্ট্রি!
ঘটনার পরেই ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) এক বিবৃতিতে জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণেই ওই ‘ফ্রেন্ডলি ফায়ার’ ঘটেছে। বিমান থেকে নিক্ষিপ্ত অস্ত্রগুলো মূল লক্ষ্যচ্যুত হয়ে নিজের ভূখণ্ডেই গিয়ে পড়ে। উল্লেখযোগ্যভাবে, এই দুর্ঘটনার সময় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার পরিস্থিতি পর্যালোচনা করতে সীমান্তবর্তী এলাকায় সফরে ছিলেন।
সেনা সূত্রের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই নতুন নিরাপত্তা প্রোটোকল চালু করা হচ্ছে।
