বিশ্বের খবর
রাজনৈতিক স্বার্থে যুদ্ধবিরতির নাটক করছে নেতানিয়াহু: হামাস
ডিজিটাল ডেস্কঃ ইজরায়েলের লাগাতার সামরিক অভিযানে কোণঠাসা হয়ে সুর নরম করল প্যালেস্তাইনের কট্টরপন্থী গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার এক টেলিভিশন বার্তায় সংগঠনের শীর্ষ নেতা খলিল আল হায়া জানান, যুদ্ধ থামানোর উদ্দেশ্যে হামাস ইজরায়েলের সঙ্গে সমঝোতায় রাজি। তবে তা হতে হবে নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে— যেগুলির মধ্যে রয়েছে পণবন্দি মুক্তি, গাজা থেকে ইজরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধ-বিধ্বস্ত এলাকার পুনর্গঠন।
স্থায়ী সমাধানের পথে হাঁটতে চায় হামাস:
হামাস নেতা খলিল আল হায়া স্পষ্ট ভাষায় বলেন, “আমরা এমন একটি চুক্তি চাই, যেখানে থাকবে যুদ্ধের স্থায়ী অবসান, গাজার পূর্ণ পুনর্গঠন এবং পণবন্দিদের মুক্তির প্রতিশ্রুতি। তবে আমরা ইজরায়েলের দেওয়া ৪৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করছি না।” পাশাপাশি তিনি জানিয়ে দেন, হামাস তাদের অস্ত্র জমা দেবে না। খলিলের অভিযোগ, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাজনৈতিক উদ্দেশ্যে সাময়িক যুদ্ধবিরতির আড়ালে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে চাইছেন।
ইজরায়েলের হামলা অব্যাহত:
হামাসের প্রস্তাব আসার পরও থামেনি ইজরায়েলের হামলা। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ৪০ জনের। আহত হয়েছেন আরও ৭৩ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৬৫ জন। আহতের সংখ্যা ছুঁয়েছে ১ লক্ষ ১৬ হাজার ৫০৫।
চুক্তির সম্ভাবনা নিয়ে সংশয়:
হামাসের তরফে দেওয়া শর্তসাপেক্ষ প্রস্তাব আপাতত রাজনৈতিক মহলে আশাবাদের পাশাপাশি সংশয়ও সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, ইজরায়েল কড়া অবস্থানে অনড় থাকলে এই শান্তিপ্রচেষ্টা বাস্তবায়িত হওয়া কঠিন।
গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক মহল বারবার আহ্বান জানালেও বাস্তবে এখনও পর্যন্ত সেভাবে কোনও কার্যকরী সমঝোতা সম্ভব হয়নি। হামাসের সাম্প্রতিক বার্তায় কিছুটা সম্ভাবনার ইঙ্গিত মিললেও, দুই পক্ষের অবিচল অবস্থান জটিলতাই বাড়িয়ে দিচ্ছে
