ডিজিটাল ডেস্কঃ বিজেপি নেতা অমিত মালব্যের (Amit Malviya) বিতর্কিত মন্তব্য ঘিরে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা। ‘বাংলা কোনও ভাষা নয়’— বিজেপির আইটি সেল প্রধানের এই বক্তব্যকে ঘিরে সংসদ চত্বরে তীব্র প্রতিবাদ জানাতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। তাঁদের স্পষ্ট দাবি, এই মন্তব্য কেবল বাংলা ভাষার অপমান নয়, বরং জাতীয় সঙ্গীতের অবমাননা। যা এক কথায় “equivalent to sedition”।
এর আগেই সংসদ প্রাঙ্গণে দাঁড়িয়ে প্রতিবাদে মুখর হয়েছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। তিনি বলেন, “বাংলা ভাষাকে অস্বীকার করা মানে আমাদের জাতীয় গর্বের অংশ, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর অপমান। এই অবমাননা রাষ্ট্রদ্রোহের শামিল।” তাঁর কথায়, বিজেপির উচিত অবিলম্বে অমিত মালব্যকে বহিষ্কার করা এবং তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা।
আরও পড়ুনঃভক্তির জোরে ১১০ কিমি পায়ে হাঁটা, শেষে হুইলচেয়ারে শিব দর্শনে বিজেপি সাংসদ
তৃণমূল সূত্রে খবর, এই ইস্যুতে বুধবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ সংসদের মকরদ্বারের সামনে বিক্ষোভে নামছেন তৃণমূল সাংসদরা। উপস্থিত থাকবেন কাকলি ঘোষ দস্তিদার-সহ একাধিক সাংসদ। দলের পক্ষ থেকে সংসদে notice জমা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি দিল্লি পুলিশের এক রিপোর্টে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ আখ্যা দেওয়া ঘিরে উত্তাল হয় পশ্চিমবঙ্গ। সেই মন্তব্যকে সমর্থন জানিয়ে এক্স হ্যান্ডেলে বিতর্কিত পোস্ট করেন অমিত মালব্য। তিনি লেখেন, “বাংলা বলে কোনও ভাষা নেই, বাঙালি একটি জাতিসত্তা। বাংলাদেশি ভাষা বলেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হচ্ছে।”
এই বক্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। বাংলাকে আঘাত করে জাতীয় অস্তিত্বে কুপ্রভাব ফেলছে বিজেপি, এমনটাই অভিযোগ ঘাসফুল শিবিরের। এবার সংসদ চত্বরেই হবে তার জবাব।