রাজনীতি
বার্লিনে বিয়ে, নয়াদিল্লিতে মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্রর জমকালো রিসেপশন
ডিজিটাল ডেস্কঃ রাজনৈতিক অঙ্গনের দুই পরিচিত মুখ এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন একসঙ্গে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ও প্রাক্তন বিজেডি সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী পিনাকী মিশ্র (Pinaki Mishra) এবার আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। জুন মাসে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসলেও এবার দিল্লির অভিজাত হোটেলে অনুষ্ঠিত হল তাঁদের জমকালো রিসেপশন পার্টি।
মঙ্গলবার নয়াদিল্লির একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক এবং সাংস্কৃতিক মহলের একাধিক পরিচিত মুখের উপস্থিতিতে যেন চাঁদের হাট বসেছিল। অতিথিদের তালিকায় ছিলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Sayani Ghosh), জুন মালিয়া (June Maliah), রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) সহ আরও অনেকে। কংগ্রেস সাংসদ সুপ্রিয়া সুলে (Supriya Sule) এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও (Sonia Gandhi) উপস্থিত ছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে।
আরও পড়ুনঃ ‘বাংলাকে অপমান মানে জাতীয় সঙ্গীতকে অপমান’— সংসদে বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদার
রিসেপশন উপলক্ষে মহুয়া মৈত্রের লুক ছিল এক কথায় নজরকাড়া। লাল রঙের শাড়ি ও সোনার অলঙ্কারে তিনি ছিলেন অনন্যা, আর পিনাকী মিশ্র সেজেছিলেন সাদা-লাল ধুতি ও পাঞ্জাবিতে।
উল্লেখ্য, গত ৩ মে জার্মানির বার্লিনে (Berlin) একটি ব্যক্তিগত অনুষ্ঠানে চুপিসারে চার হাত এক করেন মহুয়া ও পিনাকী। সেই বিয়ের ছবি ও একটি বলড্যান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে হিন্দি রোমান্টিক গানের তালে দু’জনকে নাচতে দেখা যায়।
এটি দু’জনেরই দ্বিতীয় বিয়ে। রাজনৈতিক চিন্তাভাবনা এবং যুক্তিবোধের মিলই হয়তো তাঁদের সম্পর্কের ভিত্তি গড়ে দেয়। এদিনের রিসেপশনে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত থাকতে পারেননি দলীয় বৈঠকের কারণে।
মহুয়ার ব্যক্তিত্ব ও স্টাইল স্টেটমেন্ট যেভাবে রাজনীতির গণ্ডি ছাড়িয়ে নজর কেড়েছে, রিসেপশনেও তারই প্রতিফলন দেখা গেল। নবদম্পতির জন্য রইল শুভেচ্ছা।
