দেশ
‘করোনা ভাইরাসের বেঁচে থাকার অধিকার আছে’- বললেন উত্তরখণ্ডের বিজেপি প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত
নিউজ ডেস্ক , ১৩ মে : ‘করোনা ভাইরাস মানুষের মতোই একটি প্রাণী ৷ তারও বাঁচার অধিকার আছে।’ বৃহস্পতিবার দেরাদুনে সাংবাদিকদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলার সময় এই মন্তব্য করেন বিজেপি নেতা তথা উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।
তার এই বিতর্কিত মন্তব্য নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিরোধীরাও তীব্র কটাক্ষ করেছে বিজেপিকে। উল্লেখ্য, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে পর্যুদস্ত গোটা দেশ ৷ ক্রমশই বাড়ছে সংক্রামিত এবং মৃত্যুর সংখ্যা। দেশজুড়ে তীব্র হয়েছে অক্সিজেনের সংকট৷ ফলে বেশকিছুদিন ধরে হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাবে রোগীমৃত্যু যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় শয্যাও মিলছে না হাসপাতালগুলিতে৷ এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার ব্যর্থও বলে অভিযোগ উঠেছে। আর এই সংকটজনক পরিস্থিতিতে বিজেপি নেতার এহেন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। কেন্দ্রে ক্ষমতাসীন দলের নেতাদের এই ধরনের কাণ্ডজ্ঞানহীন মন্তব্যে বেজায় চটেছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, করোনা প্রতিরোধে যখন কেন্দ্র ব্যর্থ তখন তাদের দলের নেতাদের চুপ করে থাকা উচিত। অথচ তা না করে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন তারা। অন্যদিকে বিরোধীরাও এই মন্তব্য নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলেছে।
