ভয়াবহ লঞ্চ ডুবির ঘটনা মালদা জেলার মানিকচকে, নিখোঁজ বেশ কয়েকজন যাত্রী-ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকেরা
Connect with us

মালদা

ভয়াবহ লঞ্চ ডুবির ঘটনা মালদা জেলার মানিকচকে, নিখোঁজ বেশ কয়েকজন যাত্রী-ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকেরা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মানিকচক, ২৩ নভেম্বর :    সোমবার রাতে ভয়াবহ লঞ্চ ডুবির ঘটনা ঘটলো মালদা জেলার মানিকচক এলাকায়। জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে সাতটা নাগাদ এই লঞ্চ ডুবির ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ হয়েছেন।

পাশাপাশি ট্রলারে থাকা আটটি ট্রাকও ডুবে গিয়েছে নদীতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী। পাশাপাশি ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। খবর পেয়ে এলাকাবাসীদের ভিড় উপচে পড়ে নদীঘাটে।জানা গিয়েছে, ঝাড়খণ্ডের রাজমহল থেকে মালদার মানিকচকের আসছিল এই লঞ্চটি। লঞ্চে কয়েকজন যাত্রী ছাড়াও বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাকও ছিল। মালদার মানিকচকের পৌঁছনোর সাথে সাথেই সেটি নিয়ন্ত্রণহীন হয়ে পরে। সেসময় লঞ্চটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গায় তলিয়ে যায় লঞ্চে থাকা একের পর এক পণ্যবাহী ট্রাক। এমন ঘটনায় হইচই শুনে আশেপাশে থাকা মানুষেরা ছুটে আসেন ঘটনাস্থলে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী। পাশাপাশি মানিকচকে গঙ্গার ঘাটে আসেন জেলাশাসক রাজর্ষি মিত্র, জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। তবে রাতের কারণে দৃশ্যমানতা কম থাকায় উদ্ধারকাজে যেন কোন অসুবিধা না হয় সে কারণে ঘাট চত্বরে বসানো হয়েছে আলো। জলে তলিয়ে যাওয়া নিখোঁজদের সন্ধানে নামানো হয়েছে ডুবুরি। পাশাপাশি নদীতে নামানো হয়েছে স্পিড বোর্ড, মোতায়েন করা হয়েছে দমকল বাহিনীকেও। মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল জানিয়েছেন, মানিকচক গঙ্গার ঘাটে লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গায় তলিয়ে যায় লঞ্চে থাকা আটটি ট্রাক। পাশাপাশি লঞ্চে থাকা বেশ কয়েকজন যাত্রী তলিয়ে যান গঙ্গায়।জলে তলিয়ে যাওয়া নিখোঁজদের সন্ধানে নামানো হয়েছে ডুবুরি। পাশাপাশি ঘটনাস্থলে রয়েছেন প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরা।