বিশ্বের খবর
ঈদের আগের দিন বিস্ফোরণ মসজিদে! গ্রেফতার ২
নিউজ ডেস্ক: আসন্ন ঈদের আগে বড়সড় বিস্ফোরণ মহারাষ্ট্রের মসজিদে! রবিবার বিস্ফোরণের ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের বিড জেলায়। জানতে পারা যাচ্ছে, জিলেটিন স্টিক দিয়ে মসজিদের মধ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়। ইতিমধ্যে ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত দুই জন এলাকারই বাসিন্দা। ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর বেলা হঠাৎ করে বড়সড় বিস্ফোরণে কেঁপে ওঠে মহারাষ্ট্রের বিড জেলার গোটা এলাকা। এরপর খোঁজ নিয়ে জানতে পারা যায়, সেখানকার এক মসজিদের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিন ভোর ৪টে নাগাদ পুলিশকে বিস্ফোরণের খবর দেন গ্রাম প্রধান।
খবর পাওয়া মাত্রই, তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হন তালাওয়াড়া থানার পুলিশ আধিকারিকরা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মসজিদের পেছনের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করেছিল অভিযুক্ত এক যুবক। এরপর জিলেটিন স্টিক দিয়ে মসজিদের মধ্যে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের ঘটনায় মসজিদের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলার খবর। ধসে গিয়েছে দেওয়ালের একাংশ।
আরও পড়ুন – মমতার লন্ডন সফরে বিক্ষোভ, ‘পয়সার শ্রাদ্ধ’ নিয়ে তোপ দিলীপের
বিস্ফোরণের ঘটনার পর কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ গোটা গ্রামে টহলদারি চালাচ্ছেন। এদিকে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়ার জন্য আশ্বস্ত করা হচ্ছে পুলিশের তরফে।
অপরদিকে মসজিদে বিস্ফোরণের তদন্তে নেমে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই স্থানীয় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তকারীদের অনুমান, এলাকায় সাম্প্রদায়িক হিংসা ছড়াতে এই ঘটনা ঘটিয়েছেন ওই দুই অভিযুক্ত। বিস্ফোরণ কাণ্ডে আরও কারা জড়িত কিনা! সেই বিষয়ে তদন্ত চালানো হচ্ছে। কোনওভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে পুলিশের তরফে।
আরও পড়ুন – নবরাত্রিতে মাংস বিক্রি নিষিদ্ধ, রামনবমীতে কসাইখানা বন্ধের নির্দেশ যোগী সরকারের
