সংস্কৃতি
ইতিহাসে প্রথমবার মার্কিন নাগরিক পোপ! নির্বাচিত হলেন ক্যাথলিকদের নতুন ধর্মগুরু
ডিজিটাল ডেস্কঃ ভ্যাটিকান সিটির (Vatican City) আকাশে সাদা ধোঁয়া দেখা যেতেই জানিয়ে দিল— শেষ হল পোপ নির্বাচনের (Pope Election) প্রক্রিয়া। সেই ঐতিহ্য মেনেই অবশেষে প্রকাশ্যে এল নতুন পোপের নাম। ইতিহাস গড়লেন মার্কিন নাগরিক রবার্ট প্রিভোস্ট (Robert Prevost)। চতুর্দশ লিও (Leo XIV) নামে বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরুর পদে তিনি বসলেন।
প্রাক্তন পোপ ফ্রান্সিস (Pope Francis)-এর প্রয়াণের পর এই নির্বাচন ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। মঙ্গলবার থেকে ভ্যাটিকানে শুরু হয়েছিল চূড়ান্ত গোপনীয়তায় পোপ নির্বাচন। অংশ নিয়েছিলেন বিশ্বের ৭০টি দেশ থেকে আগত ১৩৩ জন কার্ডিনাল (Cardinals), যাঁদের মধ্যে ৪ জন ছিলেন ভারতের প্রতিনিধি।
নির্বাচনের সময় যাতে কোনওভাবেই তথ্য বাইরে না যায়, তার জন্য গোটা ভ্যাটিকান সিটিতে বন্ধ রাখা হয় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ। এমনকি নির্বাচনে অংশ নেওয়া কার্ডিনালদের মোবাইল ও ক্যামেরা বাইরে রেখেই প্রবেশ করতে হয় সিস্টিন চ্যাপেলে (Sistine Chapel)।
মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের (Chicago) বাসিন্দা রবার্ট প্রিভোস্ট ২০২৩ সালে কার্ডিনাল হিসেবে মনোনীত হন। জীবনের দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন দক্ষিণ আমেরিকার পেরুতে, মিশনারি কাজে নিয়োজিত ছিলেন। মিতভাষী, অনাড়ম্বর জীবনযাপনকারী প্রিভোস্ট এবার ক্যাথলিক গির্জার সর্বোচ্চ আসনে। প্রথম মার্কিন নাগরিক হিসেবে পোপ হওয়ার নজিরও গড়লেন তিনি।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ক্যাথলিক বিশ্বাসীর কাছে এই নির্বাচন শুধুই একটি ধর্মীয় ঘটনা নয়, বরং এক নতুন যুগের সূচনা।
