বিনোদন
চুলে জুঁই ফুলের মালা—আইনবিরুদ্ধ কাজ; বিমানবন্দরে ₹১.১৪ লক্ষ জরিমানা অভিনেত্রীকে
ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ভারতের ঐতিহ্য অনুযায়ী নারীদের সাজে চুলের খোঁপায় ফুলের উপস্থিতি এক অত্যন্ত সাধারণ দৃশ্য। বিশেষ করে জুঁই ফুল (Jasmine Flower) যেন সজ্জার অপরিহার্য অংশ। তবে এই পরিচিত রীতি ভিন্ন দেশের মাটিতে ‘আইনভঙ্গের’ তকমা পেয়েছে। সম্প্রতি জনপ্রিয় মলয়ালম অভিনেত্রী নব্যা নায়ার (Navya Nair) এক অভূতপূর্ব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন।
অস্ট্রেলিয়ার (Australia) মেলবোর্ন বিমানবন্দরে (Melbourne Airport) তাঁকে ১.১৪ লক্ষ টাকার (১৯৮০ অস্ট্রেলিয়ান ডলার) জরিমানা গুনতে হয়েছে শুধুমাত্র চুলের খোঁপায় ১৫ সেন্টিমিটার লম্বা জুঁই ফুলের মালা (Gajra) রাখার জন্য।
নব্যা ওনাম (Onam) উপলক্ষে ভিক্টোরিয়ায় (Victoria) আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে পাড়ি দিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। সফরের শুরুতে কোচি (Kochi) থেকে সিঙ্গাপুর (Singapore) হয়ে মেলবোর্নে যাওয়ার পথে এই মালা ব্যবহার করেন তিনি। মালাটি তাঁর বাবা কিনে দিয়েছিলেন এবং দু’ভাগে কেটে একটি অংশ তিনি খোঁপায় পরেছিলেন, অন্যটি হ্যান্ডব্যাগে রেখেছিলেন পরবর্তী ব্যবহারের জন্য।
তবে মেলবোর্ন পৌঁছানোর পর বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা তাঁকে জেরা করেন এবং অবশেষে জরিমানা ধার্য হয়। এই ঘটনা প্রসঙ্গে নব্যা জানান,
“আমি যা করেছি তা আইনের বিরুদ্ধে। এটা আমার অজান্তে করা হলেও ভুল তো ভুলই। অজ্ঞতা কখনও অজুহাত হতে পারে না। আমাকে ২৮ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করতে বলা হয়েছে।”
তবে এই ঘটনাও তাঁর উৎসবের আনন্দে ভাঁটা ফেলতে পারেনি। ইনস্টাগ্রামে ওনাম উপলক্ষে একটি ভিডিও রিল শেয়ার করেছেন তিনি, যেখানে তাঁকে হাসিখুশি মেজাজে দেখা গেছে।
একটি অন্য ছবিতে দেখা যায়, বিমানের ভিতরে বসেই খোঁপায় ফুল পরে আছেন নব্যা। ক্যাপশনে লিখেছেন—
“শুভ ওনাম। প্রথমবার আকাশে পালন করছি ওনাম উৎসব। যদিও তামিলনাড়ুতে থাকার অভাব অনুভব করছি। কিন্তু ওনামের আনন্দ যেন নিজের মধ্যে নিয়েই চলেছি।”
আন্তর্জাতিক ভ্রমণে দেশ ভেদে নিয়মের পার্থক্য যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, এই ঘটনাই তার এক উদাহরণ।


