প্রতারণা
সমীক্ষার নামে গোপন তথ্য সংগ্রহ, জালিয়াত চক্রে ধরা দুই মহিলা-সহ পাঁচ
ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পূর্ব সতর্কবার্তাই যেন সত্যি প্রমাণিত হল। সমীক্ষার ছুতোয় বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করার অভিযোগে বাঁকুড়া (Bankura) থেকে গ্রেপ্তার হল পাঁচজনের একটি দল। ধৃতদের মধ্যে রয়েছেন দুই মহিলা।
সূত্রের খবর, রবিবার বাঁকুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে (Ward No. 15) এই অভিযুক্ত দলটি ‘সমীক্ষা’ চালাতে গিয়ে ধরা পড়ে। স্থানীয় তৃণমূল নেতা বিষয়টি প্রথমে সন্দেহজনক মনে করে সরাসরি থানায় অভিযোগ জানান। এরপরই বাঁকুড়া সদর থানার (Bankura Sadar Police Station) পুলিশ অভিযানে নেমে ওই পাঁচজনকে আটক করে।
ধৃতদের দাবি, তাঁরা একটি বেসরকারি সমীক্ষক সংস্থার (private survey agency) হয়ে কাজ করছেন। কোম্পানির নির্দেশেই তাঁরা ওই এলাকায় তথ্য সংগ্রহে গিয়েছিলেন। যদিও পুলিশের দাবি, সমীক্ষার নামে অভিযুক্তরা বাড়ি বাড়ি গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার প্রতিশ্রুতি দিয়ে ভোটার কার্ড (voter ID) ও আধার কার্ড (Aadhaar) সংগ্রহ করছিলেন। তাদের কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি (Vaibhav Tiwari) জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে প্রতারণা ও গোপন তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছে। তিনি আরও জানান, “ধৃতদের দাবি করা সংস্থার কোনও অস্তিত্ব এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।”
উল্লেখ্য, কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস (TMC) রাজ্যজুড়ে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছিল। সেখানে দলীয় কর্মীদের বলা হয়েছিল, সম্প্রতি কিছু ব্যক্তি সমীক্ষার নামে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাক্তিগত তথ্য সংগ্রহ করছে। এমন কিছু নজরে এলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার নির্দেশও দেওয়া হয়েছিল।
এই ঘটনায় ফের একবার উঠে আসছে প্রশ্ন—তথ্য সুরক্ষার নামে রাজ্যের গ্রাম ও শহরে কি কোনো বড়সড় জাল বিস্তার করছে প্রতারক চক্র?
