রাজনীতি
একুশে নন্দীগ্রামে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়? মুখ্যমন্ত্রীর ঘোষণায় তোলপাড় রাজ্য রাজনীতি
নিউজ ডেস্ক , ১৮ জানুয়ারী : নন্দীগ্রামে মাস্টারস্টোর্ক মুখ্যমন্ত্রীর। একুশের বিধানসভা নির্বাচনে ভবানীপুরের পরিবর্তে নন্দীগ্রাম থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নন্দীগ্রামের তেখালিতে বিরাট জনসভা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এদিনের জনসভা রীতিমতো জনজোয়ারে পরিণত হয়। সেই জনজোয়ারকে সাক্ষী রেখেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, “ভাবছিলাম, আমি নিজেই যদি দাঁড়াই তাহলে কেমন হয়?” সেই কথা শুনে সগর্জনে সায় দেয় জনতা। তুমুল হর্ষধ্বনি ওঠে চারদিকে থেকে। এরপরই আবার তিনি বলেন, “ভাবছিলাম। কথার কথা। একটু ইচ্ছে হল। একটু গ্রামীণ জায়গা। একটু আমার মনের জায়গা। একটু আমার ভালবাসার জায়গা। আমি হয়তো নির্বাচনের সময় অত টাইম দিতে পারব না। কারণ, আমাকে তো ২৯৪টা আসন থেকে লড়তে হবে। সেই জন্য আপনারা কিন্তু কাজটা করে দেবেন। তার পরে যা কাজ, আমি সব করে দেব। ঠিক আছে?”
তিনি এও বলেন, “নন্দীগ্রামে ভাল প্রার্থী দেব। এখনই নাম বলছি না।” মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রীতিমত তোলপাড় রাজনৈতিক মহল। কারণ নন্দীগ্রাম অধিকারী পরিবারের গড় বলেই পরিচিতি। এবার সেখানেই প্রার্থী দেবেন মুখ্যমন্ত্রী। আর তাতেই বেকায়দায় বিরোধী শিবির। উল্লেখ্য তৃণমূল ছাড়ার আগে পর্যন্ত নন্দীগ্রামের বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী। নিজের খাসতালুক নন্দীগ্রাম থেকে ২০১৬ সালের নির্বাচনে বিপুল ভোটে জিতেছিলেন তিনি।
