মালদা
তৃণমূল সুপ্রিমোর নির্বাচনী জনসভার আগে করোনা আক্রান্ত জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নূর
নিজস্ব সংবাদদাতা, মালদা, ২০ এপ্রিল : বুধবার মালদা জেলায় নির্বাচনী জনসভা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর।
আর এবারে তৃণমূল সুপ্রিমোর জনসভার আগে করোনা আক্রান্ত হলেন জেলা তৃণমূলের সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। দলনেত্রীর সভার আগে করোনা পরীক্ষা করা হয় জেলার নেতাদের। সেই পরীক্ষাতে জেলা তৃণমূলের সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূরের রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, চাঁচল ও হরিশচন্দ্রপুর বিধানসভার দলীয় প্রার্থীদের হয়ে বুধবার নির্বাচনী জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। হরিশ্চন্দ্রপুরের বীরেন্দ্র কুমার মৈত্র উপবাজার চত্বরের তুলসীহাটা মার্কেটে নির্বাচনী জনসভা করবেন তৃনমূল নেত্রী মমতা ব্যানার্জি। কোভিড আবহে দূরত্ববিধি মানতে সভা চত্বরে নেওয়া হয়েছে উপযুক্ত ব্যবস্থা। মঙ্গলবার হেলিকপ্টারের ট্রায়াল রানও দেওয়া হয়। পাশাপাশি এদিন সভামঞ্চের কাজ খতিয়ে দেখেন প্রশাসনের আধিকারিকবর্গ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দলনেত্রীর সভার আগে জেলার নেতাদের করোনা পরীক্ষা করা হয়। তখনই মৌসম বেনজির নূরের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, কোতয়ালির বাসভবনে হোম আইসলেশনে রয়েছেন মৌসম বেনজির নূর। মালদার প্রচারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন মৌসম। সামনেই নির্বাচন মালদা জেলার ১২ টি বিধানসভা কেন্দ্রে। তবে নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে করোনায় আক্রান্ত হওয়ায় মাঠে ময়দানে প্রচারে উপস্থিত থাকতে পারবেন না মৌসম বেনজির নূর। তবে কোতয়ালিতে বাড়িতে বসেই দলীয়স্তরের নির্বাচনী কাজকর্ম পরিচালনা করছেন জেলা তৃণমূলের সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। অপরদিকে মৌসম বেনজির নূরের পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন জেলা তৃণমূলের কো- অর্ডিনেটর দুলাল সরকার। দুলাল সরকার তৃণমূল-কংগ্রেসের পার্টি অফিসের একটি ঘরেই কোয়ারেন্টিনে থাকছেন। তবে জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নূর এবং জেলা তৃণমূলের কো- অর্ডিনেটর দুলাল সরকারের বিশেষ কোন শারীরিক সমস্যার লক্ষণ নেই বলে জানা গিয়েছে।
