স্বাস্থ্য
মূক ও বধির কিশোরীকে ধর্ষণ, চিকিৎসকরা জানালেন শরীরে সিগারেটের ছ্যাঁকা
ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের রামপুরে মাত্র ১১ বছর বয়সি এক মূক ও বধির কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভয়াবহ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে মিরাটে স্থানান্তর করা হয়। শারীরিক পরীক্ষায় উঠে এসেছে নৃশংস নির্যাতনের চিহ্ন—গোপনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা, মুখে ভারী আঘাত এবং শরীরজুড়ে ক্ষত।
পরিবারের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজ হয় কিশোরী। দীর্ঘ খোঁজাখুঁজির পর বুধবার সকালে বাড়ির কাছের একটি খেতে অচৈতন্য অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। শরীরে কোনও জামাকাপড় ছিল না। তার পরেই পুলিশে অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ড্যান সিং নামে এক যুবককে শনাক্ত করে পুলিশ। গ্রেপ্তার করতে গেলে অভিযুক্ত গুলি চালায়, পাল্টা গুলিতে পায়ে আঘাত নিয়ে ধরা পড়ে সে। বর্তমানে সে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ মন্দির চত্বরে প্রবীণ পুরুষের অশ্লীল ছবি তোলার চেষ্টা, তরুণীর প্রতিবাদে ছড়ালো ক্ষোভ
রামপুর পুলিশের সুপারিনটেনডেন্ট বিদ্যু সাগর মিশ্র জানিয়েছেন, “মেয়েটি কথা বলতে বা শুনতে পারে না। মেডিকেল রিপোর্ট অনুযায়ী সে ধর্ষণের শিকার। অভিযুক্তকে পকসো আইনে গ্রেপ্তার করা হয়েছে।”
এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। শিশুকন্যাদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন, প্রশাসনের কাছে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।
